২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে হিজবুত সদস্য সন্দেহে কলেজ শিক্ষক আটক

ঝিনাইদহের এক সরকারি কলেজ শিক্ষককে হিজবুত তাহরীরের সদস্য সন্দেহে আটক করেছে ‍পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2016, 05:10 PM

Updated : 20 Aug 2022, 01:28 PM

বৃহস্পতিবার রাতে যশোর থেকে এসএম সাদিকুর রহমান ওরফে পলাশকে আটক করা হয় বলে সিআইডি জানিয়েছে।

সাদিকুর রহমান ঝিনাইদহের সরকারি নূরুন নাহার মহিলা কলেজের অর্থনীতির প্রভাষক। ৩৪তম বিসিএসে তিনি চাকরিতে আসেন।  

সাদিকুর তালিকাভুক্ত জঙ্গি বলে দাবি করছেন সিআইডির যশোর-কুষ্টিয়া বিভাগের বিশেষ পুলিশ সুপার শামসুল আলম।

শুক্রবার বিকালে যশোর শহরে সিআইডি দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, বৃহস্পতিবার রাতে যশোর উপশহরের ১ নম্বর সেক্টরের ২০ নম্বর প্লটের বাসা থেকে তাকে আটক করা হয়।

“তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা রয়েছে, যা আদালতে বিচারাধীন।”

তিনি জানান, ২০১২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নকালে হিজবুত তাহরীরের সক্রিয় সদস্য হিসেবে জঙ্গি কার্যক্রমে জড়িত ছিলেন সাদিকুর। তখন বিশ্ববিদ্যালয়ের পাশে কাঁটাবন এলাকায় হিজবুতের পক্ষে পোস্টার লাগানোর সময় শাহবাগ থানার পুলিশ তাকে আটক করে।

“ওই সময় তার বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে একটি মামলা (নম্বর ৩১(১১)/১২) হয়। এই মামলা গোপন করে তিনি সরকারি চাকরিতে ঢোকেন।”

যশোর সিআইডির সহকারী পুলিশ সুপার মোশারফ হোসেন জানান, কলেজে শিক্ষার্থীদের জঙ্গি কার্যক্রমে উদ্বুদ্ধ করার বিষয়ে সাদিকুর রহমানের বিরুদ্ধে তদন্ত চলছে।

তাকে আটক করার সময় তার ব্যবহৃত কম্পিউটার, পেনড্রাইভ ও বেশ কিছু জিহাদি বই উদ্ধার করা হয় বলেও জানান তিনি।