গোবিন্দগঞ্জে চিনিকলের জমি উদ্ধারের দাবিতে রেলপথ অবরোধ
গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ ইক্ষু খামারের জমি দখলদার মুক্ত ও দখলদারদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিক ও আখ চাষিরা।
বৃহস্পতিবার উপজেলার মহিমাগঞ্জে এক ঘণ্টা রেলপথ অবরোধ করে রাখে রংপুর চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়ন ও আখ চাষি কল্যাণ সমিতি।
এ সময় মহিমাগঞ্জ রেল স্টেশনে সান্তাহারগামী ৪৯২ কলেজ ট্রেনটি আটকা পড়ে।
এ সময় বক্তব্য রাখেন মহিমাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুল মতিন, সাধারণ সস্পাদক মোস্তাফিজুর রহমান দুলাল, সহ-সভাপতি আ. ছালাম, সহ-সাধারণ সম্পাদক ফারুক হোসেন ফটু, সাংগঠনিক সম্পাদক জাফর হোসেন প্রমুখ।
১৯৫৫ সালে চিনিকল কর্তৃপক্ষ আখ চাষের জন্য গোবিন্দগঞ্জ উপজেলার মাদারপুর, রামপুরা, সাপমারা, ফকিরগঞ্জ ও সাহেবগঞ্জ এলাকায় এক হাজার ৮৪০ একর জমি অধিগ্রহণ করে। তখন থেকে এসব জমিতে উৎপাদিত আখ চিনিকলে সরবরাহ করা হচ্ছিল।
গত ১ জুলাই প্রায় ১০০ একর জমি দখল করার উদ্দেশে ক্ষুদ্র নৃগোষ্ঠীর কয়েকজন লোক ঘর নির্মাণ করেন।
সাহেবগঞ্জ ইক্ষু খামার জমি উদ্ধার কমিটির সহ-সভাপতি সিলিমিন বাক্সে বলেন, চিনিকল কর্তৃপক্ষ জমি অধিগ্রহণের সময় জমির মালিকদের সঙ্গে যে চুক্তি করে তাতে বলা হয় ওই জমিতে আখ ছাড়া অন্য ফসলের চাষ হলে প্রকৃত মালিকদের জমি ফেরত দেওয়া হবে। কিন্তু কিছুদিন ধরে ওই জমিতে ধান ও তামাক চাষ হচ্ছে। অথচ জমি ফেরত দেওয়া হচ্ছে না।
“এ নিয়ে আন্দোলন করেও কাজ হয়নি। তাই তারা দখল করেছে।”
তবে অভিযোগ ভিত্তিহীন দাবি করে চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আবদুল আউয়াল বলেন, অধিগ্রহণের সময় চুক্তিনামায় বলা হয়, কখনও চিনিকল বা খামার বন্ধ হলে সে ক্ষেত্রে ওই জমি সরকারের কাছে চলে যাবে।
