সিলেটে ছুরিকাঘাতে ব্যবসায়ীর মৃত্যু: ছাত্রলীগ নেতা বহিষ্কার
সিলেটে ছুরিকাঘাতে ব্যবসায়ীকে হত্যায় অভিযোগে জেলা ছাত্রলীগ নেতাকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
বুধবার বিকালে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বহিষ্কৃত এম সুলেমান হোসেন চৌধুরী জেলা ছাত্রলীগের স্থগিত কমিটির সহ-সভাপতি।
গত মঙ্গলবার সিলেটের জল্লারপাড় এলাকায় মোটরসাইকেল রাখা নিয়ে বিতণ্ডার জেরে ছুরিকাঘাতে আহত হন করিম বক্স মামুন আহমদ নামে এক দোকানি।
বুধবার ভোরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কোতোয়ালি থানার ওসি সুহেল আহমদ জানান, “ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় তিন যুবককে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ছাত্রলীগ নেতা সুলেমান চৌধুরী রয়েছেন। ”
এদিকে করিম বক্স হত্যার প্রতিবাদে বুধবার দুপুরে সিলেটের জিন্দাবাজার এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা।
