যুদ্ধাপরাধ মামলায় গাইবান্ধায় মাদ্রাসা সুপার গ্রেপ্তার
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় যুদ্ধাপরাধ মামলার পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার উপজেলার বেলকা ইউনিয়নের কিশামত সদর চরের আনছার আলীর বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান সুন্দরগঞ্জ থানার ওসি ইসরাইল হোসেন।
গ্রেপ্তার আব্দুল লতিফ (৬২) উপজেলার পাঁচগাছী শান্তিরাম গ্রামের মৃত ফইম উদ্দিন বেপারীর ছেলে। তিনি খামার পাঁচগাছী দাখিল মাদ্রাসার সদ্য অবসরপ্রাপ্ত সহকারী সুপার।
একাত্তরে মুক্তিযুদ্ধের সময় জামায়াতের সাবেক সংসদ সদস্য আব্দুল আজিজের নেতৃত্বে আব্দুল লতিফসহ কয়েকজন মিলে উপজেলার উত্তর ধর্মপুর গ্রামের আকবর আলী মেম্বারকে নৃশংসভাবে হত্যা করে। এ ঘটনায় আকবর আলী মেম্বারের ছেলে আনিছার রহমান বাদী হয়ে ২০০৯ সালের ২৮ জুলাই ১৩ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।
দীর্ঘ তদন্তের পর আব্দুল আজিজসহ ছয় আসামিকে পলাতক দেখিয়ে গত ২৮ জুন অভিযোগ গঠন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল।
সুন্দরগঞ্জ থানার ওসি ইসরাইল হোসেন জানান, ট্রাইব্যুনাল আব্দুল লতিফসহ ছয় জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর থেকে তিনি পলাতক ছিলেন। পরোয়ানাভুক্ত সাবেক সংসদ সদস্য আব্দুল আজিজসহ বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের তৎপরতা অব্যাহত আছে।
