স্কুলে মোবাইল নিতে নিষেধ করায় শিক্ষকদের মারধর
স্কুলে মোবাইল নিয়ে আসতে নিষেধ করায় গোপালগঞ্জ সদর উপজেলায় শিক্ষকদের মারধরের অভিযোগ উঠেছে এক ছাত্র ও তার অভিভাবকদের বিরুদ্ধে।
মঙ্গলবার উপজেলার উলপুর পিসি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের মারধরে এ ঘটনা ঘটে বলে গোপালগঞ্জ সদর থানার ওসি মো. সেলিম রেজা জানান।
আহতদের মধ্যে প্রধান শিক্ষক সন্তোষ কুমার বিশ্বাস (৫০) ও সহকারী শিক্ষিকা বনানী রায়কে (৩৬) গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় পুলিশ সাজ্জাদ মিনা ও মোছা মিনা নামে দুজনকে আটক করেছে।
এদিকে শিক্ষদের ওপর হামলার প্রতিবাদ ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে দুপুরে বিক্ষোভ মিছিল করেছে স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকরা।
স্কুলের সহকারী শিক্ষক অখিল চন্দ্র কীর্ত্তনীয়া জানান, স্কুলে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ। গত ১৪ অগাস্ট নবম শ্রেণির ছাত্র জামিল মিনা জনি স্কুলে মোবাইল নিয়ে আসে। বিষয়টি জানতে পেরে শ্রেণি শিক্ষক সমশের আলী মোল্লাকে ফোন উদ্ধার করে তার কাছে রেখে দেওয়ার নির্দেশ দেন প্রধান শিক্ষক।
“ক্লাস শেষে ওই ছাত্র মোবাইল ফেরত চাইলে প্রধান শিক্ষকের কাছ থেকে নেওয়ার কথা বলেন শিক্ষক। পরে সে প্রধান শিক্ষকের কাছে গিয়ে মোবাইল ফেরত চাইলে টিফিনের সময় দেওয়া হবে বলে তিনি জানান।
“এ নিয়ে জনি বাকবিতণ্ডায় জড়িয়ে পড়লে এক পর্যায়ে প্রধান শিক্ষক তাকে থাপ্পড় দেন। জনিও প্রধান শিক্ষককে ওপর পাল্টা আঘাত করলে শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করে।”
অখিল চন্দ্র বলেন, “জনির বাবা হোসেন মিনা ও তার লোকজন বিষয়টি ২৪ অগাস্ট মীমাংসা করে দেবেন বলে জানান। এর মধ্যে মঙ্গলবার সকালে ১১ জন শিক্ষক ও শিক্ষিকা স্কুলের যাওয়ার জন্য উলপুর বাসস্ট্যান্ডে এলেন জনি ও তার বাবার নেতৃত্বে ইউপি মেম্বর রইচ মিনাসহ ১৪ /১৫ জন লাঠি, রড, হকিস্টিক নিয়ে হামলা চালায়।”
সন্তোষ কুমার বিশ্বাস বলেন, “মোবাইল ব্যবহারে বাধা দেওয়ায় জনি ও তার বাবার লোকজন ৯ শিক্ষক ও ২ শিক্ষিকাকে পিটিয়েছে। আমরা এ ঘটনার পর গোপালগঞ্জ শহরে চলে আসি।”
এ ব্যাপারে উলপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সদস্য রইচ মিনা বলেন, “শিক্ষকদের উপর হমলা ও মারপিটের ঘটনা ঘটেছে। আমরা বিষয়টি মিমাংসা করার উদ্যোগ গ্রহণ করেছি। ”
তবে মারপিটের সময় তিনি ছিলেন না দাবি করে বলেন, “আমি এলাকার মেম্বর ও ব্যবসা বাণিজ্য করি। এ কারণে প্রতিপক্ষের লোকজন আমাকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ দিয়েছে।
ওসি বলেন, “এ ঘটনায় পর্যন্ত দুই জনকে আটক করা হয়েছে। শিক্ষকদের অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্তে ও দোষীদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
