আপত্তিকর ছবি তুলে অর্থ আদায়, এসআইসহ গ্রেপ্তার ৫
খুলনা নগরীতে তরুণীর সঙ্গে আপত্তিকর ছবি তুলে অর্থ আদায়ের অভিযোগে পুলিশের এক উপ-পরিদর্শকসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার নগরীর নিরালা আবাসিক এলাকার একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান খুলনা সদর থানার ওসি মো. শফিকুল ইসলাম।
এরা হলেন, নিরালা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা, সোনাডাঙ্গা কাঁচাবাজার এলাকার ইয়াছিন খাঁর স্ত্রী স্বপ্না আক্তার ওরফে রুনা (৩৫), নিরালা আবাসিক এলাকার মো. আজিজুল ফকিরের স্ত্রী সীমা (২০), পাইকগাছা উপজেলার চাঁদখালী গ্রামের মো. ইসরাইল শেখের ছেলে মো. রাজু শেখ (৩৯) ও মৃত বাবর আলীর ছেলে মো. আব্দুল হামিদ (৩২)।
তাদের জিজ্ঞাসাবাদের জন্য মামলার তদন্ত কর্মকর্তা খুলনা সদর থানার উপ-পরিদর্শক তাপস কুমার পাল খুলনা মহানগর হাকিম আয়েশা আক্তার মৌসুমীর আদালতে সাতদিনের রিমান্ডর আবেদন জানিয়েছেন।বুধবার রিমান্ডের শুনানি হবে বলে জানান ওসি।
মামলার বরাত দিয়ে ওসি জানান, খালিশপুর হাউজিং এস্টেটের বাসিন্দা মো. রমজান আলীর মোবাইল ফোনে একটি কল আসে। কল করে তাকে অপর প্রান্ত থেকে বলা হয়, আমি আপনার পূর্ব পরিচিতি, বিপদে রয়েছি আপনার সাহায্য প্রয়োজন। এ কথা বলে কয়েকবার মোবাইল ফোন করার পর তিনি নিরালা আবাসিক এলকার ১৭ নম্বর রোডের ২৯৫ নম্বর বাড়িতে যান।
“সেখানে গেলে রুনা তাকে ঘরের ড্রইং রুমে বসিয়ে রেখে বাইরে যায়। বাইরে গিয়েই দরজা লাগিয়ে দেয়। এ সময় পেছনের দরজা দিয়ে সীমা ঘরে ঢুকে। সীমা ঘরে ঢোকার কিছুক্ষণের মধ্যে বাইরের দরজা খুলে ঘরে প্রবেশ করেন রুনা, উপ-পরিদর্শক সোহেল রানা, রাজুসহ আরও কয়েকজন ব্যক্তি।
“এ সময় তারা সীমাকে নগ্ন অবস্থায় রমজানের পাশে দাঁড় করিয়ে ছবি তোলে ও ভিডিও করে। এরপর উপ-পরিদর্শক সোহেল রানা হাতকড়া পরিয়ে দেয় এবং ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেবে ভয় দেখিয়ে পাঁচ লাখ টাকা দাবি করেন।”
মান সম্মানের ভয়ে রমজান স্ত্রীর কাছ থেকে দুই দফায় ২৫ হাজার টাকা করে বিকাশের মাধ্যমে ৫০ হাজার টাকা উপ-পরিদর্শক সোহেল রানাকে দেন। ৫০ হাজার টাকা দেওয়ার পর পরে আরও ১০ হাজার টাকা দেওয়া হবে এ আশ্বাসের ভিত্তিতে তারা রমজানকে ছেড়ে দেন বলে মামলায় অভিযোগ।
এছাড়া নগরীর আপার যশোর রোডের স্ট্রিল ফার্নিচার ব্যবসায়ী মো. রফিকুল ইসলামকে প্রতি মাসে দুই হাজার টাকা সুদে ৫০ হাজার টাকা দেয়ার কথা বলে নিরালা আবাসিক এলাকার একই বাসায় নিয়ে নগ্ন ছবি তুলে ফেইসবুকে দেওয়ার ভয় দেখিয়ে আসামিরা ৩০ হাজার টাকা দাবি করেন।
পরে ওই ব্যবসায়ী ২০ হাজার টাকা দিয়ে ছাড়া পান বলে মামলায় অভিযোগ করেছেন।
