সাত খুন: ৫ পুলিশের সাক্ষ্য-জেরা সম্পন্ন
নারায়ণগঞ্জে সাত খুনের দুটি মামলায় পুলিশের পাঁচ কর্মকর্তার সাক্ষ্য ও জেরা সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে তাদের সাক্ষ্য ও জেরা হয়।
পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন আগামী ২২ অগাস্ট ধার্য করে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।
সকালে কড়া নিরাপত্তার মধ্যে মামলার প্রধান আসামি নূর হোসেন ও র্যাবের সাবেক তিন কর্মকর্তা তারেক সাঈদ মোহাম্মদ, এম এম রানা ও আরিফ হোসেনসহ ২৩ আসামিকে আদালতে হাজির করা হয়।
পাবলিক প্রসিকিউটর (পিপি) এস এম ওয়াজেদ আলী খোকন জানান, সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত এসআই আবদুল আউয়াল, এসআই আবুল খায়ের, এসআই মহিবুল্লাহ, এসআই হারুন মিয়া ও এএসআই আতাউর রহমানের সাক্ষ্য গ্রহণ করা হয়।
পরে আসামীপক্ষের আইনজীবীরা তাদের জেরা করেন বলে জানান তিনি।
পিপি ওয়াজেদ জানান, সাক্ষ্য প্রদানকারী এই পাঁচ পুলিশ কর্মকর্তা সাত খুনের ঘটনার পর বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন জেলা থেকে আসামিদের গ্রেপ্তারের পর তাদের ঠিকানা ও বিস্তারিত পরিচয় শনাক্তসহ যাবতীয় ব্যক্তিগত তথ্য সংগ্রহের দায়িত্ব পালন করেছেন।
“এদের মধ্যে এসআই আবদুল আউয়াল এই মামলার খণ্ডকালীন তদন্ত কর্মকর্তা ছিলেন।”
এই নিয়ে সাত খুনের ঘটনায় দায়ের করা দুইটি মামলায় মোট ১২৭ জন সাক্ষীর মধ্যে ১০৫ জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হলো।
২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার লামাপাড়া এলাকা থেকে সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও সিনিয়র আইনজীবী চন্দন সরকারসহ সাত জনকে অপহরণ করা হয়। তিন দিন পর শীতলক্ষ্যা নদী থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
এই ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়। এ দুই মামলায় ৩৫ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। তাদের মধ্যে ২৩ জন কারাগারে রয়েছেন, ১২ জন পলাতক।
