বরিশালে লঞ্চে গৃহবধূকে গলা কেটে হত্যা
ঢাকা-বরিশাল রুটের যাত্রীবাহী লঞ্চে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় স্বামীসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
সোমবার রাতে এমভি পারাবত-১০ নামরে চলন্ত লঞ্চে এ ঘটনা ঘটে বলে জানান বরিশাল কোতোয়ালি থানার এসআই সত্যরঞ্জন।
নিহত মিনা আক্তার (২৪) কুমিল্লার বাসিন্দা।
আটককৃতরা হলেন মিনার স্বামী শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার মাইজার গ্রামের হালিম পাটোয়ারীর ছেলে আনিছ পাটোয়ারী (১৮), তার চাচাত ভাই কালাম পাটোয়ারী (২৫) ও নওগাঁর পাকাপুর গ্রামের সাঈদ হাসানের ছেলে মো. তুষার (২০)।
লঞ্চ শ্রমিক আল-আমিন হোসেন বলছেন, লঞ্চের ছাদে একটি স্টাফ কেবিন ভাড়া নিয়েছিলেন মিনার স্বামী।
“রাত ২টার দিকে ওই কেবিন থেকে নারীর আর্তনাদ শুনতে পাই। কেবিনের দরজা ভেতর থেকে আটকানো ছিল। পরে কয়েকজন যাত্রী মিলে ডাকচিৎকার করলে দরজা খুলতে বাধ্য হয় ভেতরে থাকা লোকজন।”
এ সময় কেবিনের ভেতরে এক নারীর গলাকাটা লাশ দেখতে পান বলে জানান আল-আমিন।
তিনি বলেন, তখন কেবিনের ভেতরে থাকা দুইজনকে আটক করি। পরে লঞ্চে তল্লাশি চালিয়ে ছাদ থেকে আটক করা হয় মিনার স্বামীকে।
এসআই সত্যরঞ্জন বলেন, ভোর ৪টার দিকে লঞ্চটি বরিশাল নৌবন্দরে পৌঁছালে তিনজনকে আটক করা হয়। উদ্ধার করা হয় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ধারালো অস্ত্র।
“পারিবারিক কলহের জেরে পরিকল্পতিভাবে গৃহবধূ মিনাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে।”
তিনি বলেন, কালাম ও তুষারকে ১ লাখ ১০ হাজার টাকার বিনিময়ে ভাড়া করেন মিনার স্বামী আনিছ। পূর্বপরিকল্পনা অনুযায়ী সোমবার সন্ধ্যায় বরিশালের উদ্দেশে লঞ্চে ওঠে তারা।
“গভীর রাতে কেবিন থেকে বেরিয়ে যায় স্বামী আনিছ। পরে কালাম ও তুষার মিলে মিনাকে গলা কেটে হত্যা করে।”
এসআই জানান, গত জুন মাসে মোবাইল ফোনের মাধ্যমে মিনা ও আনিছের পরিচয় হয়। ঈদের পর ৯ জুলাই তারা বিয়ে করে।
“মিনাসহ অটককৃতরা সবাই সাভার এলাকায় ভাড়া বাসায় থাকতেন। আনিছ ও কালাম একটি জুতার কারখানায় আর তুষার একটি পোশাক কারখানায় কাজ করতেন।”
পুলিশ মিনার ঠিকানা খুঁজছে বলে জানান এসআই সত্যরঞ্জন।
