গাজীপুরে পিক-আপের ধাক্কায় কিশোর নিহত
গাজীপুরে পিক-আপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক কিশোর নিহত হয়েছে; আহত হয় আরেকজন।
সিটি করপোরেশনের ভোগড়া বাইপাস এলাকায় সোমবার এ দুর্ঘটনা ঘটে।
নিহত শুভ (১৪) রংপুরের পীরগঞ্জ উপজেলার শাহাদতপুরের সব্দুল মিয়ার ছেলে।
আহত আলামিনকে (১৪) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় অটোরিকশা চালক মনির হোসেন জানান, সকালে বন্ধু শুভকে নিয়ে আলামিন তার বড়ভাই স্বপনের মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়।
“বেলা সাড়ে ১১টার দিকে ভোগড়া বাইপাস মোড়ের পূর্ব দিকে স্কয়ার পোশাক কারখানার সামনে ওই মোটরসাইকেলটির সঙ্গে একটি পিক-আপের মুখোমুখি সংঘর্ষ হয়।”
মনির বলেন, এতে শুভ ও আলামিন গুরুতর আহত হলে তাদের উদ্ধার করে তার (মনির) অটোরিকশায় তুলে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক শুভকে মৃত ঘোষণা করেন।
আহত আলামিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে বলে জানান মনির।
নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির এসআই মো. আরিফ হোসেন ভুঁইয়া জানান, শুভর লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি ফাঁড়িতে রয়েছে বলে জানান তিনি।
