দুই শিশুকে কীটনাশক খাইয়ে মায়ের আত্মহত্যা
পারিবারিক কলহের জেরে পিরোজপুরের মঠবাড়িয়ায় দুই শিশুকে কীটনাশক খাইয়ে আত্মহত্যা করেছে তাদের মা।
রোববার উপজেলার নলবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে মঠবাড়িয়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান।
এরা হলেন- মা নাজমুন নাহার, তার ২০ মাস বয়সী মেয়ে বেবি ও আট মাস বয়সী কণা। তাদের লাশ মঠবাড়িয়া থানায় রয়েছে।
নাজমুন নাহার উপজেলার নলবুনিয়া গ্রামের স্কুল শিক্ষক মনিরুজ্জান ফরিদের স্ত্রী।
ওসি মোস্তাফিজুর বলেন, “পারিবারিক কলহের জেরে রোববার দুপুরে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে নাজমুন নাহার তার দুই মেয়েকে কীটনাশক খাইয়ে নিজেও পান করেন।”
বিকালে স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে তাদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয় বলে জানান তিনি।
