২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রগ কাটারাই এখন নিজেদের আইএস বলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জামায়াতে ইসলামী ও তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের দিকে ইঙ্গিত করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন  কামাল বলেছেন, পঁচাত্তরের পরে যারা মানুষের ‘রগ কাটত’ এখন তারা নিজেদের আইএস বলে পরিচয় দিচ্ছে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2016, 07:46 PM

Updated : 11 Oct 2022, 08:36 PM

সাম্প্রতিক বিভিন্ন হত্যাকাণ্ডে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি গোষ্ঠী আইএসের নামে দায় স্বীকারের বার্তা এলেও বাংলাদেশে এই সংগঠনের কোনো ‘ভিত্তি’ নেই বলে আবারও বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, “সিরিয়ার সঙ্গে আমাদের কোনো বর্ডার নেই। ইরাকের সঙ্গে আমাদের কোনো বর্ডার নেই। পাকিস্থানের সঙ্গে বর্ডার নেই। কাজেই আইএসের কোনো ভিত্তি এখানে থাকতে পারে না। ভিত্তি নেইও।

“আমাদের এখানে আইএস তৈরি করার জন্য যে সমস্ত জঙ্গি নেতারা চেষ্টা করছেন, তাদের সেই চেষ্টাও বিফল হয়েছে। কারণ আমরা প্রমাণ করেছি, আইএস বলতে কোনো পদার্থ কিংবা কোনো সংগঠন এখানে নেই।”

বাংলাদেশে যেসব হামলা ও হত্যাকাণ্ড হয়েছে তার সবই এদেশের মানুষ করেছে দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “যারা ৭৫ পরবর্তী সময়ে পায়ের রগ কাটতেন, তারাই আবার জেএমবি হয়েছেন,  হুজি হয়েছেন,  আনসারুল্লাহ বাংলা টিম হয়েছেন। তারাই বিভিন্ন নামে, এখন বলতেছেন- তারা নাকি আইএস হয়ে গিয়েছেন।”

মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামী স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ না পেলেও পঁচাত্তরের ১৫ অগাস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর আবার ফেরে দলটি। তাদের ছাত্র সংগঠন ছাত্র সংঘ থেকে নাম বদলে ইসলামী ছাত্র শিবির পরিচয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সক্রিয় হয়, যাদের বিরুদ্ধে অন্যান্য ছাত্র সংগঠনের নেতাকর্মীদের রগ কাটার অভিযোগ রয়েছে। 

রোববার দুপুরে গাইবান্ধার সাঘাটায় নবনির্মিত থানা কমপ্লেক্স ভবন উদ্বোধনের পর জঙ্গিবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য  দেন আসাদুজ্জামান খাঁন কামাল।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে ঠিক তখনই জামায়াত-শিবিরের ছত্রচ্ছায়ায় স্বাধীনতাবিরোধী চক্র দেশে জঙ্গি তৎপরতা পরিচালনা করে ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে জঙ্গি রাষ্ট্র বানানোর চেষ্টা চালাচ্ছে।

“এরা ধর্মের নামে,  ইসলামের নামে আমাদের দেশকে কালিমা লেপন করতে চাচ্ছে।”

ইসলামসহ কোনো ধর্মই হত্যাকাণ্ড সর্মথন করে না মন্তব্য করে আসাদুজ্জামান কামাল বলেন, “দেশি-বিদেশি ষড়যন্ত্রে যারা শান্তির ধর্ম ইসলামকে নিয়ে খেলছে, তাদের বাংলাদেশে কোনো স্থান নেই। আমরা যে  কোনো মূল্যে এদের প্রতিহত করব। দেশ থেকে সন্ত্রাসী তৎপরতা ও জঙ্গিবাদ চিরতরে উৎখাত করতে দেশের সকল বাহিনীর সদস্যসহ সাধারণ জনগণ আজ ঐক্যবদ্ধ হয়েছে। পুলিশ বাহিনীকেও আরও আধুনিকায়ন করা হচ্ছে।”

আলোচনা সভায় অন্যদের মধ্যে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া, পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক বক্তব্য রাখেন।