সাভারে হাতবোমা উদ্ধার
ঢাকার সাভারে একটি স্কুল মাঠে ব্যাগভর্তি হাতবোমা ও কয়েকটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।
রোববার বিরুলিয়া ইউনিয়নের খাগান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বস্তুগুলো পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে।
সাভার মডেল থানার এএসপি মাহাবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে মাঠে একটি কালো নতুন ব্যাগ পড়ে থাকতে দেখে সন্দেহ হলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
“পুলিশ গিয়ে ব্যাগসহ বোমা ও বোমা সদৃশ বস্তুগুলো উদ্ধার করে। এতে জর্দ্দার কৌটায় লাল স্কচটেপ মোড়া ১৯টি বোমা সাদৃশ্য বন্তু তিনটি তাজা হাত বোমা রয়েছে। পরে বোমাগুলো নিষ্ক্রিয় করার জন্য বালতির পানিতে ভিজিয়ে রাখা হয়।”
এএসপি আরও জানান, বস্তুগুলো ব্যাগের ভিতরে ফোম দিয়ে মোড়া ছিল। এলাকায় আতঙ্ক সৃষ্টির জন্যই বস্তুগুলো রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
