২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফ থেকে তেঁতুলিয়া কোথাও আইএসের অস্তিত্ব নেই: কামাল

দেশে মধ্যপ্রাচ্যভিত্তিক আইএসসহ আন্তর্জাতিক কোনো জঙ্গিগোষ্ঠীর অস্তিত্ব ফের নাকচ করে এ প্রচারণার জন্য দায়ী হিসেবে কথিত জঙ্গি হুমকি পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ‘সাইট ইনটিলিজেন্স গ্রুপ’র দিকে ইঙ্গিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2016, 12:05 AM

Updated : 11 Oct 2022, 08:36 PM

পুরনো খবর:

সাইটের ওয়েবসাইটে ‘হামলাকারীদের’ ছবি প্রকাশ
এটা আইএসের কাজ নয়, ইতালিও একমত: স্বরাষ্ট্র মন্ত্রী

শনিবার দুপুরে রংপুরে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী সর্বধর্মীয় সম্প্রীতি সমাবেশে তিনি বলেন, “আমি আইএস দেখি না, আইএস দেখে শুধু একটি দেশের ওয়েবসাইট। দেশটির নাম বলতে চাই না।

“একটা হত্যাকাণ্ড ঘটলেই সর্বোচ্চ পাঁচ মিনিটের মধ্যে সেটি আইএস করেছে বলে ওই ওয়েবসাইটে খবর দেওয়া হয়।”

গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলার কয়েকঘণ্টার মধ্যে ওই রেস্তারোঁর ভেতরে নিহত কয়েকজনের লাশের ছবি প্রকাশ করে তাদের আইএস হত্যা করেছে বলে খবর দেয় যুক্তরাষ্ট্রভিত্তিক কথিত জঙ্গি হুমকি পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ‘সাইট ইনটিলিজেন্স গ্রুপ’।

এছাড়া ইতালীয় চেজারে তাভেল্লা, জাপানি কুনিও হোশিসহ মুক্তমনা বেশকয়েকজন লেখক-প্রকাশক ও ব্লগারদের কুপিয়ে ও গুলি করে হত্যার পরও আইএস ও আল কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখার (একিউআইএস) নামে দায় স্বীকারের যে বার্তা আসে, তারও প্রথম খবর দেয় তারা।

তবে এসব ঘটনায় আইএস ও একিউআইএসের নামে দায় স্বীকারের খবর এলেও কর্মকাণ্ডগুলো জামায়াত-শিবির সমর্থনপুষ্ট দেশীয় জঙ্গিগোষ্ঠীগুলোর কাজ ভাষ্য মন্ত্রী কামালের।

“আমি টেকনাফ থেকে তেঁতুলিয়া, জেলা থেকে জেলা, উপজেলা থেকে উপজেলা ঘুরে বেড়াচ্ছি। কোথাও আইএস নামের কোনো জঙ্গি সংগঠনের অস্তিত্ব খুঁজে পাচ্ছি না... আছে জেএমবি, হুজি, আনসারউল্লাহ বাংলা টিম; যারা জামায়াত-শিবিরের সমর্থনপুষ্ট জঙ্গিগোষ্ঠী।”

তিনি বলেন, “বাংলাদেশ যখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে, ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ হতে যাচ্ছে, তখনই দেশের উন্নয়নকে থমকে দিতে বহিশত্রুর ইন্ধনে জামায়াত-শিবিরের সেই সমর্থনপুষ্টরা বিভিন্ন জঙ্গি সংগঠনের নামে দেশে অরাজকতা সৃষ্টি করছে। ইসলামের অপব্যাখ্যা দিয়ে মানুষ হত্যা করছে।”

রংপুর পুলিশ লাইনস স্কুল ও কলেজ মাঠে এই সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী সর্বধর্মীয় সম্প্রীতি সমাবেশের আয়োজন করে রংপুর রেঞ্জ পুলিশ।

এতে গুলশান-শোলাকিয়াসহ দেশের বিভিন্ন স্থানে জঙ্গি হামলা মোকাবেলায় পুলিশের ভূমিকার প্রশংসা করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

“গুলশান-শোলাকিয়াসহ বিদেশি নাগরিক চেজারে তাভেল্লা, রংপুরে কুনিও হোশি হত্যাকাণ্ডসহ দেশের বিভিন্ন স্থানে যে জঙ্গি হামলা হয়েছে- আইনশৃঙ্খলা বাহিনী তা সাহসিকতার সঙ্গে মোকাবেলা করেছে। আমাদের নিরাপত্তা বাহিনীর সদস্যরা জীবনকে তুচ্ছ করে একের পর এক ঘটনা সামলে যাচ্ছেন।

“ইতোমধ্যে এসব হত্যাকাণ্ডের সঙ্গে অনেক জঙ্গিকেই গ্রেপ্তার করা হয়েছে। মূল পরিকল্পনাকারীরা আমাদের নজরে আছে। এসব হত্যাকাণ্ডের চার্জশিট দেওয়া হয়েছে, যথাসময়ে বিচার হবে।”

রংপুরে জঙ্গিবিরোধী সমাবেশে ব্যাপক জনসমাগম দেখে দেশে জঙ্গিসহ সব ধরনের অপশক্তি দমনে সফল হওয়ার আশাবাদ ব্যক্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সমাবেশে পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক গুলশানের আর্টিজান ক্যাফেতে হামলাকারি জঙ্গিদের সেকেন্ড ইন কমাণ্ডকে চিহ্নিত করা হয়েছে দাবি করে বলেন, জনগণের সহযোগিতায় জঙ্গিবাদ মোকাবেলা করতে হবে।

উত্তরাঞ্চলে দেশের মধ্যে সবচেয়ে বেশি জঙ্গি রয়েছে বলে মন্তব্য করেন পুলিশ প্রধান।

“দেশের মধ্যে সবচেয়ে বেশি জঙ্গি হলো উত্তরাঞ্চলে। এরমধ্যে গাইবান্ধা ও বগুড়ায় তৎপরতা বেশি।”                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                     

রংপুর রেঞ্জ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) খন্দকার গোলাম ফারুকের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা, রংপুর সিটি করপোরেশনে মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি টিপু মুনশী, রংপুর বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ, রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, শোলাকিয়া ঈদগাহের ইমাম ও জমিয়াতুল উলামা বাংলাদেশের সভাপতি মাওলানা ফরিদ উদ্দিন মাস্উদ, রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী ধ্রুবেশানন্দ মহারাজ, দিনাজপুর ধর্মপ্রদেশের বিশপ সেবাস্টিয়ান টুডু বক্তব্য দেন।

এছাড়াও সমাবেশে রংপুর বিভাগের আট জেলা থেকে আসা ইমাম, পুরোহিত, ভিক্ষু ও যাজকসহ মুক্তিযোদ্ধা কমাণ্ডাররাও বক্তব্য দেন। কোরআন তেলাওয়াত, গীতা, বাইবেল ও ত্রিপিটক পাঠের মাধ্যমে সমাবেশ শুরু হয়।