টুঙ্গিপাড়ায় শোকদিবসে চারুশিল্পীদের আর্টক্যাম্প
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ প্রাঙ্গণে জাতীয় শোক দিবস উপলক্ষে তিন দিনের এক আর্টক্যাম্প শুরু হয়েছে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে আর্টক্যাম্পে দেশবরেণ্য ১৯ জন চারুশিল্পী বঙ্গবন্ধুর ওপর ৩৮টি ছবি আঁকবেন বলে জানান একাডেমির চারুকলা বিভাগের উপ-পরিচালক খোন্দকার রেজাউল হাসেম।
শুক্রবার শুরু হওয়া আর্টক্যাম্প রোববার শেষ হবে।
শিল্পকলা কর্মকর্তা রেজাউল বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে রচিত কবিতা ও গানকে চিত্রকর্মের থিম হিসেবে নেওয়া হয়েছে।
“আশা করছি এসব শিল্পকর্ম নতুন প্রজন্মকে নাড়া দেবে। তাদের মধ্যে প্রেরণা সৃষ্টি করবে।”
চারুশিল্পী নাসিম আহমেদ নাদভী বলেন, “বঙ্গবন্ধুকে নিয়ে অনেক কাজ করা যায়। এ কাজের কোনো শেষ নেই। তাকে নিয়ে রচিত কবিতার ওপর চিত্রকর্ম এটাই আমার প্রথম।”
এসব চিত্রকর্ম টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর সমাধিসৌধ ও গোপালগঞ্জ শেখ ফজলুল হক মণি স্মৃতি অডিটোরিয়ামে ১৫ অগাস্ট প্রদর্শন করা হবে বলে জানান গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির সংস্কৃতি কর্মকর্তা আল মামুন বিন সালেহ।
আর্টক্যাম্পে অংশ নেওয়া শিল্পীরা হলেন নাসিম আহমেদ নাদভী, মোহাম্মদ ইব্রাহিম, অলকেশ ঘোষ, সমর মজুমদার, রেজাউন নবী, নিখিল চন্দ্র দাস, মোহাম্মদ আলপ্তগীন তুষার, অভিজিৎ চৌধুরী, শাহজান আহমেদ বিকাশ, দুলাল চন্দ্র গাইন, আবু কালাম শামসুদ্দিন, মো. হুমায়ুন কবির, জয়ন্ত সরকার জন, মো. সোহেল আহমেদ, রাসেল কান্তি দাস, আফিয়া আবিদা সুলতানা (অরণি), তাহমিনা হাফিজ লিসা, খন্দকার রেজাউল হাশেম ও রেজউল করিম রবিন।
আর্টক্যাম্প শুরুর দিন শুক্রবার একই স্থানে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হয়।
