২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেনের পরিচালককে ‘লাঞ্ছিত’, ২ পুলিশ বরখাস্ত

ঢাকা থেকে রাজশাহী যাওয়ার পথে পদ্মা এক্সপ্রেসের পরিচালককে লাঞ্ছিত করার অভিযোগে দুই পুলিশকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2016, 02:54 PM

Updated : 20 Aug 2022, 01:26 PM

বিনা টিকিটের যাত্রীরা টিটির ওপর হামলা করলে পুলিশ ব্যবস্থা না নিয়ে উল্টো ট্রেন কর্মকর্তাকে লাঞ্ছিত করে বলে পদ্মা এক্সপ্রেসের পরিচালক ফারুক হোসেনের অভিযোগ।

শুক্রবার ভোরে ট্রেনটি পাবনার ঈশ্বরদী বাইপাস স্টেশন পার হওয়ার পর এ ঘটনা ঘটে।

বরখাস্ত দুই পুলিশ হলেন রাজশাহী জিআরপি থানার হাবিলদার গাজিউর রহমান ও কনস্টেবল আবদুল হামিদ।

পরিচালক ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, টিকিট চাওয়ায় বিনা টিকিটের কয়েকজন যাত্রী টিটি ওয়ালিউল্লাহ বাবু ও অ্যাটেন্ড্যান্ট তারিকুজ্জামানকে লাঞ্ছিত করে।

“আমি বিষয়টি পুলিশকে জানালে হামলাকারীদের পক্ষ নিয়ে হাবিলদার গাজিউর ও কনস্টেবল হামিদ উল্টো আমাকেই শরীরিকভাবে লাঞ্ছিত করেন।”

রাজশাহী জিআরপি থানার ওসি আকবর হোসেন বলেন, অভিযোগ পাওয়ার পর তাৎক্ষণিকভাবে গাজিউর ও হামিদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

তদন্ত করে তাদের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান।