নীলফামারীর গুদাম থেকে সার উত্তোলন বন্ধ
নীলফামারীতে ছেঁড়া-ফাটা বস্তায় জমাটবাঁধা ইউরিয়া সার সরবরাহের অভিযোগে উত্তোলন বন্ধ করে দিয়েছেন পরিবেশকরা। তবে কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করেছে।
বুধবার দুপুর থেকে পার্বতীপুর বাফার গুদাম থেকে সার উত্তোলন বন্ধ করা হয় বলে জানান জেলা ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল ওয়াহেদ সরকার।
তিনি বলেন, দিনাজপুর জেলার পার্বতীপুর বাফার গুদাম থেকে ছেঁড়া-ফাটা বস্তায় নিম্নমানে সার সরবরাহ করা হচ্ছে। এই সার জমাট বেঁধে রয়েছে।
“কৃষকরা এ সার কিনতে চায় না। ফলে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ কারণে বুধবার দুপুরে সংগঠনের এক জরুরি বৈঠকে আমরা বাফার গুদাম থেকে সার উত্তোলন বন্ধ রেখেছি।”
সমস্যার সমাধান না হলে অনির্দিষ্টকালের জন্য উত্তোলন বন্ধ থাকবে বলে তিনি জানান।
তবে পার্বতীপুর বাফার গুদাম ইনচার্জ আনিছুর রহমান বলছেন, পরিবেশকদের অভিযোগ সঠিক নয়। সরকার চীন থেকে যে সার আমদানি করেছে তা উন্নতমানের। মূলত এ সারের দানা কিছুটা মোটা হওয়ায় তারা নিতে চাচ্ছে না।
“অনেক দূর থেকে আনা এসব সারের কিছু বস্তা ছেঁড়া-ফাটা ও কিছু সার জমাটবাঁধা থাকলেও তা বছাই করে আলাদা রাখা হয়।”
