২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একাত্তরে হত্যামামলার বাদীকে অপহরণের পর উদ্ধার

মাগুরায় একাত্তরে হত্যার ঘটনায় দায়ের করা একটি মামলার বাদীকে অপহরণের পর উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রধান আসামিসহ এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2016, 11:20 AM

Updated : 12 Apr 2022, 02:38 AM

বুধবার বিকালে সদর উপজেলার বাহারবাগ গ্রাম থেকে বাদীকে উদ্ধারসহ দুইজনকে গ্রেপ্তার করা হয় বলে জানান সদর থানার ওসি এ কে এম আজমল হুদা।

গ্রেপ্তারকৃতরা হলেন মামলার প্রধান আসামি সদর উপজেলার গোপাল গ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আফজাল হোসেন বাশি মিয়া ও তার ছেলে একই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নাজমুল হাসান রাজিব।

মামলার বাদী সদর উপজেলার সংকোচখালী গ্রামের হাসেম আলীর মেয়ে খাদিজা খাতুন।

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মুক্তিযুদ্ধের সময় হাসেম আলীকে হত্যার অভিযোগে ১৯৯৯ সালে বাশি মিয়াসহ ৯ জনের নামে মামলা করেন খাদিজা।

“মামলা তুলে নেওয়ার জন্য আসামি পক্ষ দীর্ঘদিন ধরে বাদীকে চাপ দিয়ে আসছিল এবং সর্বশেষ মঙ্গলবার আসামিরা তাকে বাশি মিয়ার বাড়ি নিয়ে আটকে রেখে মামলা তুলে নেওয়ার চাপ দেয় বলে খাদিজা অভিযোগ করেছেন।”

পুলিশ বিষয়টি জানতে পেরে বুধবার সকালে ওই বাড়িতে অভিযান চালিয়ে বাদীকে উদ্ধারসহ দুইজনকে গ্রেপ্তার করে বলে জানান ওসি আজমল।

মামলাটির সাক্ষ্য গ্রহণ শেষ পর্যায়ে বলে জানিয়েছেন এপিপি ফিরোজুর রহমান।

অপরদিকে অপহরণের ঘটনায় নারী ও শিশুনির্যাতন দমন আইনে আরেকটি মামলা করেছেন খাদিজা।

ওসি বলেন, এ মামলায় বাশি মিয়া ও নাজমুল হাসানসহ তিনজনকে আসামি করা হয়েছে।

গ্রেপ্তার দুই আসামিকে আদলতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে তিনি জানান।