জেএমবি আনোয়ারের লাশ নিতে রাজি নন মা: পুলিশ
রাজশাহীর বাগমারায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত ‘জেএমবি নেতা’ আনোয়ারের লাশ গ্রহণ করবেন না বলে জানিয়েছেন তার মা শুরুজ্জান বেওয়া।
বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন বাগমারা থানার পরির্দশক আবুল কালাম আজাদ।
গত রোববার রাতে রাজশাহীর বাগমারায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে অজ্ঞাতপরিচয় এক যুবক নিহত হন। মঙ্গলবার দুপুরে ছবি দেখে ওই যুবককে আনোয়ার বলে শনাক্ত করেন তার মা শুরুজ্জান বেওয়া ও তার ১৩ বছর বয়সী মেয়ে।
নিহত আনোয়ার হোসেন ওরফে নাইম নওগাঁর মান্দা উপজেলার গণেশপুর ইউনিয়নের উত্তর পারইল গ্রামের মৃত লোকমান হোসেনের ছেলে।
আনোয়ার হোসেন জেএমবির মধ্যম সারির নেতা ছিলেন। এছাড়া তার পরিবারের সবাই জেএমবির কর্মকাণ্ডে জড়িত বলে মঙ্গলবার রাজশাহীর এসপি মোয়াজ্জেম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন।
পরির্দশক কালাম বলেন, “জেলা গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তাসহ আমি বুধবার দুপুরে আনোয়ারের বাড়িতে গিয়ে লাশ গ্রহণ করার জন্য তার মা শুরুজ্জামানকে কয়েকবার অনুরোধ করেছি। এমনকি লাশ বাড়িতে পৌঁছে দিতেও চেয়েছি।
“ছেলে জেএমবির সঙ্গে জড়িয়ে পড়ায় তিনি চরম ক্ষুদ্ধ হয়েছেন, লাশ গ্রহণ করতে রাজি হননি।”
আঞ্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমে আনোয়ারের লাশ দাফন করা হবে বলে জানান তিনি।
পরির্দশক কালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আরও বলেন, “২০০৪ সালের দিকে সিদ্দিকুর রহমান ওরফে বাংলা ভাইয়ের মাধ্যমে জেএমবির সঙ্গে জড়িয়ে পড়েন আনোয়ার।
“পরের বছর জেএমবি নেতাদের সহযোগিতায় আনোয়ার হোসেন সৌদি আরবে যান। সেখানে দুই বছর থাকার পর দেশে ফিরে আসেন।”
