বাগেরহাটে ঝড়ো হাওয়ায় বৃদ্ধার মৃত্যু
বাগেরহাট সদর উপজেলায় ঝড়ো হাওয়ায় উপড়ে পড়া গাছের নিচে চাপা পড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ব্যাহত হয়েছে বিদ্যুৎ সরবরাহ ও মংলা বন্দরের কার্যক্রম।
বুধবার সকালে চুলকাঠি গ্রামে গোবিন্দ দাসের স্ত্রী গীতা রানী (৬০) মারা যান বলে জানান চুলকাঠি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই লুৎফর রহমান।
এসআই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ৬টার দিকে বৃষ্টির সঙ্গে ঝড়ো হওয়া হলে একটি মেহগনি গাছ গোবিন্দ দাসের বসতঘরের ওপর উপড়ে পড়ে।
“এ সময় ঘরে ঘুমিয়ে থাকা গীতা রানী চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। ঘরে অন্য কেউ ছিল না।”
অপরদিকে টানা বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় মঙ্গলবার রাত সাড়ে ১১টা থেকে বাগেরহাটে বিদ্যুৎ সরবরাহ ও মংলা বন্দরের কার্যক্রম ব্যাহত হওয়ার খবর পাওয়া গেছে।
মংলা বন্দর কর্তৃপক্ষের সহকারী ব্যবস্থাপক কাজী মোক্তাদির হোসেন বলেন, মংলা বন্দরে বর্তমানে ক্লিংকার, সার, কনটেইনার ও অন্যান্যসহ মোট সাতটি জাহাজ রয়েছে।
“বৃষ্টি ও ঝড়ো হাওয়ার কারণে মঙ্গলবার রাত ১১টা থেকে বুধবার দুপুর পর্যন্ত জাহাজে মাল ওঠা-নামার কাজ বন্ধ থাকে।”
বাগেরহাট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ পাল বলেন, শহরের বিভিন্ন এলাকায় গাছ উপড়ে ও ডালপালা ভেঙে বিদ্যুতের তারের ওপর পড়েছে।
“এ কারণে মঙ্গলবার রাত ১১টা থেকে বুধবার দুপুর পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকে। দুপুর দেড়টা থেকে একেক করে সংযোগ দেওয়া শুরু হয়েছে।”
জেলা প্রশাসক মো. জাহাংগীর আলম বলেন, বিভিন্ন এলাকায় বেশ কিছু ঘরবাড়ি ভেঙে যাওয়ার খবর পাওয়া গেছে। ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দেওয়া হবে।
