২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় এএসআইসহ নিহত ২

সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় পুলিশের এক এএসআইসহ দুইজনের মৃত্যু হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2016, 03:42 PM

Updated : 20 Aug 2022, 01:24 PM

বুধবার সকালে সাত-টিকরি ও চরিয়া এলাকায় দুটি দুর্ঘটনা ঘটে বলে জানান হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী।

নিহত এএসআই নুরুল ইসলাম (৩০) পাবনার ঈশ্বরদী থানায় দায়িত্ব পালন করছিলেন। তিনি সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চরবড়ধুল গ্রামের ওয়াহাব আলী সরকারের ছেলে।

ওসি কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এএসআই নুরুল মোটরসাইকেলযোগে গ্রামের বাড়ি থেকে কর্মস্থলে যাচ্ছিলেন।

“হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সাত-টিকরি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও ট্রাকটি আটক করা হয়েছে বলে ওসি জানান। 

অপরদিকে একই সড়কে অপর এক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি মারা গেছেন বলে জানিয়েছেন ওসি কাদের।

তিনি বলেন, মহাসড়কের চরিয়া এলাকায় যানবাহনের নিচে চাপা পড়া আনুমানিক ৩৫ বছর বয়সী এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

তার স্বজনদের খোঁজ করা হচ্ছে বলে জানান ওসি কাদের।