দিনাজপুরে গরু মোটা করার সোয়া ৩ লাখ বড়ি
দিনাজপুরের হাকিমপুর উপজেলা সীমান্ত এলাকা থেকে গরু মোটা করার তিন লক্ষাধিক বড়ি জব্দ করেছে বিজিবি।
বুধবার ভোর ৫টার দিকে হাকিমপুর উপজেলার দলারদরগা থেকে এগুলো জব্দ করা হয় বলে জানান বিজিবির বাসুদেবপুর ক্যাম্প কমান্ডার সুবেদার রফিকুল ইসলাম।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দলারদরগা এলাকা দিয়ে চোরাকারবারিরা মোটরসাইকেলে করে অবৈধ পণ্য পাচার করছে এমন খবর পেয়ে বিজিবি সদস্যরা অভিযান চালায়।
“এ সময় তারা একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। ব্যাগে আমদানি নিষিদ্ধ ৩ লাখ ১৮ হাজার প্যারাক্টিন ও ৪ হাজার ৮০০ সেটম্যাক্স বড়ি পাওয়া গেছে।”
এসব বড়ির বাজার দর প্রায় ৬৫ লাখ টাকা বলে তিনি জানান।
