বগুড়ার এক যুবক ৪ মাস নিখোঁজ
বগুড়া শহরের এক যুবক প্রায় চার মাস ধরে নিখোঁজ রয়েছেন বলে তার পরিবার জানিয়েছে।
জুয়েল প্রামাণিক (২২) নামের ওই যুবক শহরের ঠনঠনিয়া দক্ষিণপাড়ার জহুরুল ইসলামের ছেলে।
বিষয়টি জানিয়ে জহুরুল ইসলাম গত রোববার (৭ অগাস্ট) বগুড়া সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জহুরুল ইসলাম বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মী।
জহুরুল ইসলাম জানান, তার ৩ ছেলে-মেয়ের মধ্যে জুয়েল দ্বিতীয়। পঞ্চম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করা জুয়েল স্থানীয় একটি কুরিয়ার সার্ভিসে শ্রমিকের কাজ করত।
“চলতি বছরের ১৪ এপ্রিল দুপুর আড়াইটার দিকে কাউকে কিছু না বলে সে বাড়ি থেকে বেড়িয়ে যায়। এরপর অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাওয়া যায়নি।”
পরিবারের কারও সঙ্গে কোনো বিরোধ কিংবা অভিমান ছিল না দাবি করে জহুরুল ইসলাম বলেন, বাড়ির সবার সঙ্গে তার স্বাভাবিক সম্পর্ক ছিল। তবে নিখোঁজ হওয়ার আগে সে সারাদিন বাড়িতেই শুয়ে-বসে থাকত।
ইতিপূর্বে নিখোঁজ অনেক কিশোর-যুবকের জঙ্গি সম্পৃক্ততার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে জহুরুল ইসলাম বলেন, “ধর্ম-কর্মের প্রতি আমার ছেলের তেমন আগ্রহ ছিল না। মাঝে মধ্যে নামাজ পড়ত। সে জঙ্গি হতে পারে না। আমার ধারণা সে হয়ত নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টায় ঢাকায় কোনো প্রতিষ্ঠানে কাজ খুঁজে নিয়েছে।”
বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) আসলাম আলী বলেন, কী কারণে জুয়েল বাড়ি ছেড়েছে সেটা পুলিশের কাছে স্পষ্ট নয়। হতে পারে বাবা-মার উপর অভিমান করে বাড়ি ছেড়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
