কুষ্টিয়ায় শিক্ষককে পেটাল ‘যুবলীগ ও ছাত্রলীগ নেতারা’
কুষ্টিয়া সদরে এক স্কুলশিক্ষককে পেটানোর অভিযোগ পাওয়া গেছে ছাত্রলীগ ও যুবলীগের কয়েকজন নেতার কর্মীর বিরুদ্ধে।
সোমবার উপজেলার হাসানবাগ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলম এ অভিযোগ করেন।
শামসুল আলম বলেন, স্কুল পরিচালনা পর্ষদের কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন নির্বাচন করার জন্য একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কয়েকদিন আগে তা অনুমোদনের জন্য উপজেলা শিক্ষা অফিসে জমা দেওয়া হয়।
“এ বিষয়ে শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমানের মতামত না নেওয়া রোববার রাতে তিনি আমাকে মোবাইল ফোনে গালমন্দ করেন।
“সোমবার সকালে স্কুলের সামনে থানা যুবলীগের যুগ্ম আহবায়ক জিল্লুর রহমান, ইবি ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আনিসুর রহমান আনিস, সাদ্দাম হোসেন ও মুসা আমাকে দুই দফা লাঠিপেটা করে। ”
ইবি ছাত্রলীগ নেতা আনিসুর রহমান ও যুবলীগ নেতা জিল্লুরের সঙ্গে মোবাইল ফোনে কয়েকবার যোগাযোগ করেও পাওয়া যায়নি।
তবে ছাত্রলীগের সভাপতি ছাইফুল ইসলাম বলেন, “আমার কমিটির যুগ্ম-সম্পাদক আনিসুর রহমান সোমবার সকালে আমার সঙ্গে ক্যাম্পাসে কাজে ব্যস্ত ছিলেন, তিনি কখন, কীভাবে শিক্ষককে মারধর করল তা বিশ্বাসযোগ্য নয়।”
আওয়ামী লীগ নেতা আতাউর রহমান “সোমবার সকালে হাসানবাগ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে আমার ছেলেদের উত্তপ্ত বাক্য বিনিময় হয়ে থাকতে পারে।”
এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ইসলামী ব্শ্বিবিদ্যালয় থানার ওসি শরিফুল ইসলাম।
