কেশবপুরে সেপটিক ট্যাংকে নেমে ৫ শ্রমিকের মৃত্যু
যশোরের কেশবপুর উপজেলায় একটি সেপটিক ট্যাংকে নেমে পাঁচ নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে দুজন বাবা-ছেলে।
সোমবার বিকাল ৫টার দিকে সাহাপুর গ্রামে অজিয়ার মোড়লের বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানান কেশবপুর থানার ওসি শহীদুল ইসলাম।
মৃতরা হলেন- উপজেলার বরণডালি গ্রামের আহাদ আলী গাজী (৪৫), তার ছেলে শফিকুল ইসলাম (২৩), সাহাপুর গ্রামের আব্দুল হামিদ (২২), ইকবাল হোসেন (৩৫) ও আল আমিন (২৮)।
অজিয়ার মোড়ল সাংবাদিকদের বলেন, কয়েকদিন আগে তার বাড়িতে একটি সেপটিক ট্যাংক নির্মাণ করা হয়েছে। বিকালে শ্রমিকরা ওই ট্যাংকের ছাদ জমানোর কাজে ব্যবহৃত বাঁশ ও কাঠ খুলতে ভেতরে ঢোকে।
“এরপর অল্প সময়ের মধ্যে পাঁচ শ্রমিকের মৃত্যু হয়।”
ট্যাংকের ভেতরের বিষাক্ত গ্যাসে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে, বলেন অজিয়ার।
কেশবপুর থানার ওসি শহীদুল ইসলাম বলেন, ট্যাংকে প্রথমে তিন শ্রমিক নামেন। তারা না উঠলে কিছুক্ষণ পর নামেন শফিকুল ইসলাম। তিনিও না ওঠায় নামেন তার বাবা আহাদ আলী গাজী।
“এরপর কেউ না ওঠায় বাড়ির লোকজনের চিৎকারে প্রতিবেশীরা গিয়ে পাঁচ জনের লাশ উদ্ধার করে।”
ওসি বলেন, লাশগুলো ওই বাড়িতে আছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে গেলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
