২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাম পরিবর্তনেও শেষরক্ষা হলো না পিস স্কুলের

নাম পরিবর্তন করার পর রাজশাহীর পিস স্কুলটি বন্ধ করে দিয়েছে পুলিশ।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2016, 05:05 PM

Updated : 11 Oct 2022, 08:35 PM

নগরীর তেরখাদিয়া এলাকায় অবস্থিত `জামায়াত’ নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানটি পুলিশের নির্দেশে সোমবার থেকে বন্ধ করে দেওয়া হয়।

মহানগর পুলিশের মুখপাত্র ও সিনিয়র সহকারী কমিশনার (এসি) ইফতে খায়ের আলম জানান, রোববার বিকালে স্কুলটি বন্ধে কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়।

ভারতের ইসলামী বক্তা জাকির নায়েকের বক্তব্যকে বির্তর্কিত উল্লেখ করে বাংলাদেশে পিস টিভির সম্প্রচার বন্ধের পর অনুমোদনহীন পিস স্কুলগুলোও বন্ধের নির্দেশ আসতে পারে এমন আলোচনার মধ্যে গত ১৫ জুলাই পিস স্কুলের রাজশাহীর এই শাখাটির নাম পাল্টে ‘লিজেন্ড একাডেমি’ করা হয়।

পরে মন্ত্রিসভার এক বৈঠকে পিস স্কুল বন্ধের নিদের্শ দেওয়া হয়।

ইফতে খায়ের আলম বলেন, সারাদেশের পিস স্কুলগুলো বন্ধ করে দেওয়ার জন্য পুলিশ সদর দপ্তর থেকে নির্দেশ দেওয়া হয়েছে। ওই নির্দেশনা অনুযায়ী রাজশাহীর এই স্কুলটি বন্ধ করে দেওয়া হয়েছে।

“স্কুলের নাম পরিবর্তন করা হলেও অনুমোদনের কোনো কাগজপত্র পাওয়া যায়নি।”

ইসলামী ব্যাংকের রাজশাহী শাখার কর্মকর্তা মোর্সেদ জামান স্কুলটির দেখভাল করতেন। স্কুলটির অধ্যক্ষ আলাউদ্দিনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। তিনি জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত। এ স্কুলের নির্বাহী কর্মকর্তা তৌফিকুর রহমানও জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত।