ফেরত পাঠানো হলো ৪৪ নেপালিকে
ঢাকায় আটক ৪৪ নেপালিকে যশোরের বেনাপোল দিয়ে দেশে ফেরত পাঠানো হয়েছে।
শনিবার বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে তাদের ফেরত পাঠানো হয়েছে বলে জানান চেকপোস্ট ইমিগ্রেশন ওসি ইকবাল মাহমুদ।
গত ৪ অগাস্ট রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকা থেকে আইনশৃঙ্খলা বাহিনী তাদের আটক করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও দুই মাস ধরে বাংলাদেশে অবস্থান করায় তাদের আটক করা হয়।
“আটকের পর শনিবার সকালে পুলিশ হেফাজতে তাদের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে আনা হয়।”
আটক ৪৪ জনের সবাই পুরুষ। গত ২২ মে টুরিস্ট ভিসায় বাংলাদেশে আসার পর ১৯ জুন তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যায়। তারা বনানীর একটি রেস্তোরাঁয় কাজ করছিলেন। এরপর মিরপুরের ওই বাসায় অবস্থান করে ভিসার মেয়াদ বাড়ানোর অপেক্ষায় ছিলেন।
ইকবাল মাহমুদ বলেন, “তারা কোনো নাশকতায় জড়িত রয়েছে কি না তা জিজ্ঞাসাবাদ করা হয়। কোনো সংশ্লিষ্টতা না পেয়ে অবৈধভাবে অবস্থানের অভিযোগে প্রতিদিন ২০০ টাকা হারে জরিমানা আদায় করে দেশে ফেরার ব্যবস্থা করা হয়েছে।”
