২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পারিশ্রমিক চাওয়ায় যুবককে পিটিয়ে হত্যা

ঢাকার সাভারের আশুলিয়ায় বকেয়া পারিশ্রমিক চাওয়ায় এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ওিই ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। 

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2016, 02:50 PM

Updated : 20 Aug 2022, 01:23 PM

আশুলিয়া থানার ওসি মহসিনুল কাদির জানান, শনিবার সকালে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের আমবাগান এলাকার একটি বাড়ি থেকে মো. কাউছার (১৮) নামে ওই যুবকের লাশ উদ্ধার হয়েছে।    

কাউছার রবিশালের গৌরনদী উপজেলার পিমলাঘাটির সবর আলী মাদবরের ছেলে। আমবাগর এলাকায় থেকে তিনি স্থানীয় টাইলস মিস্ত্রী রবিউল ইসলামের (৩০)  সহকারী হিসেবে কাজ করতেন বলে জানান ওসি।

এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে রবিউলকে আটক করা হয়েছে। 

আহত ইমরান হোসেন ও সোহেলকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তারা রবিউল ও কাউসারের সঙ্গে একই বাড়িতে থাকেন।  

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, বেশ কিছুদিনের পারিশ্রমিক বাকি থাকায় এ নিয়ে রবিউলের সঙ্গে বিরোধ চলছিল কাউসারের। শুক্রবার রাতে কাউছার পাওনা পরিশোধের জন্য চাপ দিলে রেগে গিয়ে কোদালের হাতল দিয়ে তাকে পিটিয়ে হত্যা করেন রবিউল।

এ সময় কাউছারকে বাঁচাতে গেলে ইমরান ও সোহেল আহত হন। খবর পেয়ে সকালে পুলিশ কাউসারের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় বলে জানান ওসি।

ইমরান বলেন, “বকেয়া টাকা চাওয়ায় মিস্ত্রী রবিউল মধ্যরাতে আমাদের কক্ষে এসে কোদালের হাতল  দিয়ে কাউছারকে এলাপাতাড়ি মারধর করেন। আমরা আটকাতে গেলে আমাদেরও মারধর করেন।”