২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

কুমিলায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক প্রবাসীসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত চারজন।  

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2016, 12:28 PM

Updated : 20 Aug 2022, 01:23 PM

শনিবার ভোরে সদর ও বুড়িচং উপজেলায় এ দুর্ঘটনাগুলো ঘটে। 

নিহতদের মধ্যে দুজন হলেন নোয়াখালীর আবদুল হকের ছেলে ইসমাইল হোসেন (৪৫) ও চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার আবদুল সালামের ছেলে ট্রাকচালকের সহকারী মহিউদ্দিন আহমেদ (৩০)। আরেকজনের পরিচয় জানা যায়নি।

আহতদের বিভিন্ন হাসপতালে ভর্তি করা হয়েছে।

কুমিল্লার ময়নামতি হাইওয়ে থানার ওসি মাহবুবুর রহমান জানান, ভোরে কুমিল্লার বুড়িচং উপজেলার পশ্চিম মনিপুর এলাকায় ঢাকা থেকে চট্টগ্রামগামী ঈগল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়।

“এতে বাসের এক যাত্রী ঘটনাস্থলে নিহত হন।”

একই এলাকায় ভোররাত সাড়ে ৩টায় ঢাকা থেকে নোয়াখালীগামী একুশে এক্সপ্রেস পরিবহনের একটি যাত্রীবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ঘটনাস্থলেই প্রবাসী ইসমাইল হোসেনের মৃত্যু হয় বলে জানান তিনি।

ওসি মাহবুবুর আরও জানান, একই মহাসড়কে কুমিল্লা সদর উপজেলার জাগুরজুলী এলাকায় সকালে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

“ দুর্ঘটনায় একটি ট্রাকের চালকের সহকারী মহিউদ্দিন নিহত এবং চালক আহত হন।”

হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত যানগুলো উদ্ধার করেছে বলে জানান তিনি।