দিনাজপুরে হামলায় যুবলীগ নেতা নিহত
দিনাজপুরের হাকিমপুর উপজেলায় পুকুর নিয়ে বিরোধে প্রতিপক্ষের লাঠির আঘাতে স্থানীয় এক যুবলীগ নেতা নিহত হয়েছেন।
শনিবার সকালে বোয়ালদার ইউনিয়নের বৈগ্রামে এই ঘটনা ঘটে।
নিহত বদিউজ্জামান সুজন (২৮) বোয়ালদার ইউনিয়ন যুবলীগের সভাপতি এবং বৈগ্রামের সেলিম উদ্দিন সরদারের ছেলে।
হাকিমপুর থানার ওসি আব্দুস সবুর নিহতের পরিবারের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৈগ্রামের একটি পুকুর নিয়ে সুজনের সঙ্গে একই গ্রামের সফিকুল ইসলামের ছেলে রবিউল ইসলামের (২৮) বিরোধ চলছিল।
“সকাল ৮টার দিকে রবিউল ইসলাম ওই পুকুর পাড়ে একটি চায়ের দোকানে বসে থাকা বদিউজ্জান সুজনের মাথায় লাঠি দিয়ে আঘাত করে পালিয়ে যান।
“আহত সুজনকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করলেও পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। হামলাকারীকে আটকের চেষ্টা চলছে বলে জানান ওসি।
