বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু
শেরপুর সদরে বন্যার পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
সদর থানার ওসি নজরুল ইসলাম জানান, শুক্রবার বেলা ১২টার দিকে শেরপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়কের পোড়াদোকন কজওয়ে এলাকায় ওই শিশু ডুবে যায়। সাড়ে ৩ ঘণ্টা পর লাশ পাওয়া যায়।
রাহাত (১২) শেরপুর শহরের বাকরাকশা এলাকার গিয়াস উদ্দিনের ছেলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, রাহাত তার চার বন্ধুকে নিয়ে চরপক্ষীমারীর পোড়াদোকানের কাছে বন্যার পানি দেখতে যায়। পোড়াদোকানের কজওয়ের ওপর দিয়ে বয়ে যাওয়া পানিতে নেমে আনন্দ করার সময় তারা স্রোতে ভেসে যায়।
বাকিরা সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও রাহাত ডুবে যায় বলে জানান তিনি।
শেরপুর ফায়ার সার্ভিসের লিডার হাছেন আলী বরেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে স্থানীয়দের সহায়তায় খোঁজাখুঁজি করে বেলা সাড়ে ৩টার দিকে রাহাতের লাশ উদ্ধার করা হয়।
তার লাশ শেরপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
