মরিচের গুঁড়া ছিটিয়ে ডাকাতি
বাগেরহাটে এক প্রবাসীর বাড়িতে স্ত্রী ও গৃহপরিচালিকার চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে টাকা ও স্বর্ণালংকার লুটের ঘটনা ঘটেছে।
শুক্রবার দুপুরে শহরের সরুই এলাকায় সৈয়দ নওরোজের বাড়িতে এ ঘটনা ঘটে।
মরিচের গুঁড়ায় অসুস্থ হওয়ায় নওরোজের স্ত্রী খাদিজা বেবী (৫০) ও গৃহপরিচারিকা নাসরিন বেগমকে (৩০) বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খাদিজার ছেলে সৈয়দ মোকাররম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে তিনি তার বাবার সঙ্গে জুম্মার নামাজ পড়তে বাড়ির পাশে নুর মসজিদে যান। ওই সময় তিন চারজন লোক বাড়ির দোতলার ঘরে ঢুকে পড়ে।
“তারা আমার মা ও গৃহপরিচারিকার চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে দেয়। এরপর চোখে পানি দেওয়ার জন্য তারা বাথরুমে গেলে লোকগুলো আলমারি ভেঙে টাকা ও স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়।”
নামাজ শেষে বাড়ি ফিরে ঘটনা শুনে মা ও নাসরিনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন তারা। তবে কী পরিমাণ টাকা ও স্বর্ণালংকার লুট হয়েছে তার সঠিক হিসাব তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি মোকাররম।
বাগেরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মিরাজুল করিম বলেন, দুই নারীর চোখে মরিচের গুঁড়া দেওয়া হয়েছে। তাদের চোখ ভাল করে পরিষ্কার করা হয়েছে, তবে এখনও চোখে জ্বালাপোড়া রয়েছে।
বাগেরহাট মডেল থানার ওসি মো. মিজানুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নগদ টাকা ও স্বর্ণালংকার উদ্ধারের চেষ্টায় পুলিশ অভিযান শুরু করেছে।
দুই নারী সুস্থ হলে তাদের কাছ থেকে তথ্য নিয়ে জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
