২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পানি কমছে, চলছে ভাঙন

পানি কমতে শুরু করায় দেশের মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতির খবর পাওয়া গেছে। তবে নদী ভাঙনসহ নানা সমস্যায় রয়েছে পদ্মা অববাহিকার কয়েকটি জেলার নিম্নাঞ্চলের বাসিন্দারা।

শরীয়তপুর প্রতিনিধি

ফরিদপুর, মুন্সীগঞ্জ ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2016, 03:37 PM

Updated : 11 Oct 2022, 08:34 PM

ফরিদপুর, মুন্সীগঞ্জ ও শরীয়তপুর জেলার নিম্নাঞ্চলে সড়ক ও ঘরবাড়ি থেকে বন্যার পানি নামা শুরু করেছে। অবশ্য বিভিন্ন স্থানে নদী ভাঙন চলছে। 

জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ ও চিকিৎসা সেবা অব্যাহত থাকলেও বেশিরভাগ এলাকায় পানিবন্দি মানুষের ভোগান্তির খবর পাওয়া গেছে।

অনেকস্থানেই ধানের বীজতলা নষ্ট হয়ে গেছে, বন্ধ রয়েছে বিদ্যালয়। গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি সড়কে এখনও যানবাহন চলাচল শুরু হয়নি।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের শুক্রবারের বুলেটিনে বলা হয়, পদ্মা নদী সংলগ্ন রাজবাড়ি, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ ও শরীয়তপুর জেলাসমূহের নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি শুরু হয়েছে, যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

গত ২৪ ঘণ্টায় পদ্মার পানি গোয়ালন্দ ও ভাগ্যকূল পয়েন্টে যথাক্রমে ১৫ ও ১৪ সেন্টিমিটার কমে বিপদসীমার ৫০ ও ৩২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সুরেশ্বর পয়েন্টে হ্রাস-বৃদ্ধি না হয়ে বিপদসীমার ৬০ সেন্টিমিটার উপর প্রবাহিত হচ্ছে।

ফরিদপুর

ফরিদপুরে বন্যার পানি কমলেও নদী ভাঙন বাড়ছে। এরই মধ্যে তাড়াইল সড়কের একশ’ মিটার অংশ, ৮১ একর ফসলি জমি, ৫৫টি বসতবাড়ি ও দরগা বাজারের ১০টি দোকান আড়িয়াল খাঁ নদীতে বিলীন হয়ে গেছে।

ফরিদপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম জানান, তারাইল সড়কের বাকি অংশ রক্ষা করতে সড়ক বিভাগ ও পানি উন্নয়ন বোর্ড কাজ করে যাচ্ছে।

“পুরো সড়কটি নদীগর্ভে চলে গেলে এই অঞ্চলে মানুষের যোগাযোগে ব্যাপক সমস্যা হবে। আমরা যৌথভাবে দিনরাত কাজ করছি এটাকে রক্ষা করার জন্য।”

পদ্মা ও মধুমতির বিস্তীর্ণ এলাকাও ভাঙনের মুখে পড়েছে বলে ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী জহিুরল ইসলাম জানিয়েছেন।

“শুক্রবার পদ্মার পানি ফরিদপুর অংশে কমলেও ভাঙনের পরিমাণ বাড়ছে।”

বন্যা পরিস্থিতির উন্নতি হলেও সদর, চরভদ্রাসন, সদরপুর ও ভাঙ্গা উপজেলার ১৭টি ইউনিয়নের ৩০ হাজার পরিবার এখনও পানিবন্দি আছেন বলে ভাঙ্গা উপজেলার চেয়ারম্যান শাহদাত হোসেন জানিয়েছেন।

এসব এলাকায় ৬০টি বিদ্যালয় এখনও বন্ধ রয়েছে বলে জানান তিনি।

পানিবন্দি মানুষের জন্য ৪০০ মেট্রিক টন চাল এবং নয় লক্ষাধিক টাকা ফরিদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে বরাদ্দ দেওয়ার কথা জানিয়েছেন ফরিদপুরের জেলা প্রশাসক নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) মনদীপ ঘরাই।

“বন্যায় ক্ষতিগ্রস্তদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ৪৫টি মেডিকেল টিম গঠন করা হয়েছে।”

বন্যায় জেলার নিম্নাঞ্চলের ১০ হাজার হেক্টর জমির আউশ ধান ও ধানের বীজতলা তলিয়ে গেছে বলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবদুর রউফ জানিয়েছেন।

মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জের চরাঞ্চলে বন্যার পানি কমতে শুরু করলেও টঙ্গীবাড়ি, লৌহজং ও শ্রীনগর উপজেলার পদ্মা তীরের গ্রামগুলোর বন্যা পরিস্থিতি এখনও অপরিবর্তিত।

বন্যার পানি কমলেও তীব্র স্রোতের কারণে জেলার বেশ কয়েকটি পয়েন্টে নদী ভাঙনের পরিমাণ বেড়েছে। বন্যাদুর্গত এলাকায় জেলা প্রশাসনের পক্ষে চাল, নগদ টাকা ও পানি বিশুদ্ধকরণ বড়ি বিতরণের খবর পাওয়া গেছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল আউয়াল জানান, শুক্রবার মুন্সীগঞ্জের ভাগ্যকূল ও মাওয়ায় পদ্মার পানি কমেছে। তবে এখনও বিপদসীমার উপর দিয়ে বইছে।

“শিমুলিয়া-কাওড়াকান্দি ফেরি সার্ভিসও ভালোর দিকে যাচ্ছে। ১৭টির মধ্যে ১৩টি ফেরি চলাচল শুরু হয়েছে। দুপারের যানজটও কমছে।”

শরীয়তপুর

গত বুধবার থেকে এক যোগে জেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় সাময়িক পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও বন্যা কবলিত সদর, জাজিরা ও নড়িয়া উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

জেলা প্রশাসক মো. মাহমুদুল হোসাইন খান জানান, বন্যায় শরীয়তপুর সদর, জাজিরা, নড়িয়া ও ভেদরগঞ্জ উপজেলার ৩০টি ইউনিয়নের দুই লাখ মানুষ এখনও পানিবন্দি।

“এসব এলাকায় ত্রাণ বিতরণ অব্যাহত আছে। আমরা নগদ ৭ লাখ টাকা, ৫ লাখ টাকার শুকনো খাবার আর ২২৫ মেট্রিক টন চাল বরাদ্দ পেয়েছি। সেগুলোই পর্যায়ক্রমে বন্যা দুর্গতদের দেওয়া হচ্ছে।

প্রয়োজনের তুলনায় সরকারি বরাদ্দ ‘কম’ থাকায় আরও সাহায্য চেয়ে আবেদন করার কথা জানান এ কর্মকর্তা।

“আরও বরাদ্দ চেয়ে মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। বন্যার্তদের মধ্যে সহায়তা থেকে কেউ বাদ পড়লে পরে তালিকা করে তাদেরকে খাদ্য সহায়তা দেওয়া হবে।”