২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঝিনাইদহের মহেশপুর বাঘাডাঙ্গা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে এক বাংলাদেশি নিহতের খবর দিয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষীরা।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2016, 12:19 PM

Updated : 12 Apr 2022, 02:36 AM

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)  ঝিনাইদহ-৫৮ ব্যাটালিয়নের পরিচালক লেফট্যানেন্ট কর্নেল তাজুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে ভারত সীমান্তের বর্ণবাড়িয়া এলাকায় আলম  নামের ওই যুবক নিহত হন।

আলম (৩০) চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার যাদবপুর গ্রামের আব্দুস সামাদ গামার ছেলে।

লেফট্যানেন্ট কর্নেল তাজুল বিএসএফের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গভীর রাতে একদল বাংলাদেশি সীমান্ত পেরিয়ে ভারতে গরু আনতে যায়। তারা ফেরার পথে জিরো লাইন থেকে ৪০০ থেকে ৫০০ গজ ওপারে বর্ণবাড়িয়া ক্যাম্পের বিএসএফ সহস্যদের সামনে পড়ে।

“বিএসএফ দাবি করেছে, গরু চোরাকারবারিরা হামলা করেছিল। বিএসএফ গুলি চালালে আলম নিহত হয়। সঙ্গীরা রাতেই তার লাশ বাংলাদেশের নিয়ে আসে।”

এ ঘটনায় শুক্রবার সকালে বাঘাডাঙ্গা সীমান্তে বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে বলে জানান তাজুল।