দিনাজপুরে ক্রেনচাপায় ২ শ্রমিকের মৃত্যু
দিনাজপুরে ক্রেন চাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে শহরের পুলহাট এলাকায় একটি ধানের মিলে এ দুর্ঘটনা ঘটে বলে কোতোয়ালি থানার ওসি রেদওয়ানুর রহিম জানান।
নিহতরা হলেন সদর উপজেলার জামালপুর গ্রামের তৈমুর (৫০) ও আব্দুস সালাম (৪০)। তাদের লাশ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
ওসি রেদওয়ানুর বলেন, রাতে ‘বিসমিল্লাহ অটো রাইস মিলে’ ক্রেন দিয়ে ধান তোলার কাজ করছিল ওই দুইজন। এ সময় ক্রেনটি ছিড়ে গেলে তাতে চাপা পড়েন তারা।
তাদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া চিকিৎসক মৃত ঘোষণা করে বলে জানান তিনি।
