বুড়িগঙ্গায় ২ শিশুর লাশ
কেরাণীগঞ্জে বুড়িগঙ্গা নদী থেকে দুই শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুরে বুড়িগঙ্গা নদীর সদরঘাট অংশ ও কামরাঙ্গীচরের নূরবাগ এলাকায় লাশ দুটি পাওয়া যায় বলে কেরাণীগঞ্জ মডেল থানার এসআই মো. শাহাদাত হোসেন জানান।
শিশু দুটি হল পটুয়াখালীর বাউফলের কালাইদাসপাড়ার প্রয়াত খেজমত আলীর ছেলে ইমরান হোসেন বাবু (১২) ও রাজধানীর বংশালের কশাইগলির আক্তার হোসেনের ছেলে ইয়াসিন বিন আক্তার (১১)।
ইয়াসিন পুরান ঢাকার একটি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র। ইমরান বাক-প্রতিবন্ধী ও রাজধানীর বাদামতলীতে পরিবারের সঙ্গে থাকতো।
এসআই শাহাদাত হোসেন বলেন, বুড়িগঙ্গায় দুটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। দুপুরে তাদের লাশ উদ্ধার করা হয়।
ইমরান মঙ্গলবার বুড়িগঙ্গায় গোসল করতে নেমে নিখোঁজ হয়েছিল। ইয়াসিন কীভাবে পানিতে পড়ল তা জানাতে পারেন নি তিনি।
শিশু ইমরানের মৃত্যুর ঘটনায় দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে হাসনাবাদ নৌ-পুলিশ ফাঁড়ির এসআই মো সামসুল জানিয়েছেন।
