২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে হত্যার দায়ে স্বামী স্ত্রী ছেলের মৃত্যুদণ্ড 

গয়না চুরি করতে গিয়ে প্রতিবেশীকে হত্যার ঘটনায় আট বছর আগের এক মামলায় একই পরিবারের তিনজনের ফাঁসির রায় দিয়েছে আদালত।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2016, 02:43 PM

Updated : 20 Aug 2022, 01:22 PM

গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. ফজলে এলাহি ভুঁঞা বুধবার আসামিদের অনুপস্থিতিতে এ রায় দেন।

একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা এবং পৃথক একটি ধারায় তিন বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।

দণ্ডিতরা হলেন- নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার ভবনাথপুর গ্রামের মুনসুর আলীর ছেলে সিদ্দিক ভাণ্ডারী, তার স্ত্রী আয়েশা খাতুন ও তাদের ছেলে তারেক ওরফে মুরাদ হোসেন।

মামলার নথি থেকে জানা যায়, গাজীপুরের খাইলকোর এলাকার জমির হোসেনের পাশের বাড়িতে আসামিরা ভাড়া থাকতেন।

২০০৮ সালের ১৪ মে বিকালে আসামিরা জমির হোসেনের বাড়িতে ঢুকে আলমারি থেকে স্বর্ণালংকার চুরির করার সময় জমিরের স্ত্রী সাফিয়া বেগম দেখে ফেলেন। ওই সময় আসামিরা সাফিয়াকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যান।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আমজাদ হোসেন কাজল জানান, এ ঘটনায় জমির হোসেন বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করে জয়দেবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

“তদন্ত শেষে পুলিশ এ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে।”

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন আমজাদ হোসেন কাজল ও আসামিরা পলাতক থাকায় তাদের পক্ষে রাষ্ট্র নিয়োজিত আইনজীবী তমিজ উদ্দিন মামলা পরিচালনা করেন।