২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় বিদ্যুৎস্পৃষ্টে ১ জন ‍নিহত

কুমিল্লা শহরের আড়াউওড়ায় সংযোগ দেওয়ার সময় এক বিদ্যুৎশ্রমিকের মৃত্যু হয়েছে; আহত হয়েছে আরও পাঁচজন।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2016, 11:40 AM

Updated : 20 Aug 2022, 01:22 PM

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় আড়াউওড়ার আবুল মেম্বারের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানান কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) সামসুজ্জামান।

নিহত জামাল হোসেন (৪৫) চাঁদপুর জেলার কচুয়া উপজেলার বারইয়ারা গ্রামের আবদুল জলিলের ছেলে।

বিদ্যুৎ ঠিকাদার মজুমদার কনস্ট্রাকশনের মালিক মো. মোর্শেদ জানান, কুমিল্লা শহরের বিভিন্ন স্থানে কালিয়াজুড়ি সাবস্টেশনের আওতায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হচ্ছে।

“এলাকার ৩৩ কেভি লাইনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখে তার সংযুক্ত করছিলেন শ্রমিকরা। এ সময় বিদ্যুৎ বিতরণ বিভাগ যোগাযোগ না করে হঠাৎ লাইন চালু করায় ছয় শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হন।”

পরে গুরুতর আহত জামালকে ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয় বলে তিনি জানান।

পরিদর্শক (তদন্ত) সামসুজ্জামান বলেন, চারজনকে ঢাকায় নেওয়ার পথে একজনের মৃত্যু হয়ছে। এখন তিনজন ঢাকায় ও দুইজন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনা তদন্ত করা হচ্ছে বলে তিনি জানান।