কল্যাণপুরে নিহত জঙ্গি আব্দুল্লাহর ‘সহযোগী’ গ্রেপ্তার
রাজধানীর কল্যাণপুরে পুলিশের অভিযানে নিহত জঙ্গি আব্দুল্লাহর এক ‘সহযোগীকে’ দিনাজপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে নবাবগঞ্জ উপজেলার বল্লভপুর গ্রাম থেকে আলমগীর কবীরকে (২৫) গ্রেপ্তার করা হয় বলে জানান দিনাজপুর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক বজলুর রশিদ।
আলমগীর ওই এলাকার নুরুল হুদার ছেলে।
কল্যাণপুরে জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে নিহত নয় জঙ্গির একজন আব্দুল্লাহ। তার বাড়িও বল্লভপুরে।
তিনি জেএমবির সদস্য ও তার কাছ থেকে হাতবোমা উদ্ধার করা হয়েছে জানান গোয়েন্দা পুলিশের এ এসআই।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কল্যাণপুরে পুলিশের অভিযানে নিহত আব্দুল্লাহর বন্ধু ও অন্যতম সহযোগী আলমগীরও ঢাকায় থাকতেন। তবে কল্যাণপুরে অভিযানের পর তিনি গ্রামে পালিয়ে এসে আত্মগোপন করেন।
“গোপন সংবাদে তার অবস্থানের খবর পেয়ে অভিযান চালিয়ে ছয়টি হাতবোমা ও ধারালো অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করা হয়।”
সন্ধ্যায় দিনাজপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোপাল চন্দ্রের আদালতে আলমগীরকে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করলে বিচারক তিন দিন মঞ্জুর করেন বলে জানান তিনি।
