২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় পুলিশ এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে; যাকে তার স্বামী পিটিয়ে হত্যা করেছে বলে পরিবারের অভিযোগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2016, 01:54 PM

Updated : 20 Aug 2022, 01:21 PM

মঙ্গলবার সকালে উপজেলার ফতেপুর ইউনিয়নের কান্দাপাড়া থেকে লাশ উদ্ধার করা হয় বলে জানান আড়াইহাজার থানার ওসি সাখাওয়াত হোসেন।

নিহত সালমা আক্তার (২৫) কান্দাপাড়ার তারা মিয়ার ছেলে সোহেল মিয়ার স্ত্রী ও একই উপজেলার বগাদী গ্রামের আমান উল্লাহর মেয়ে।

আমানউল্লাহ অভিযোগ করেন, সোহেল কাজকর্ম কিছু না করে সালমার কাছ থেকে টাকা নিয়ে নেশা করত। টাকা দিতে না পারলে মারধর করত। এ নিয়ে কয়েকবার শালিসও হয়।

“সোমবার রাত ২টার দিকে সোহেল আমাকে মোবাইল করে বলে-আপনার মেয়ে ঘরের বাইরে পড়ে আছে, এসে দেখে যান। পরে গিয়ে মেয়ের লাশ পাই। সোহেলই তাকে পিটিয়ে মেরে ফেলেছে।”

ওসি সাখাওয়াত বলেন, নিহতের শরীরের বিভিন্ন স্থানে ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার পর সোহেল পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।

এই দম্পতির ৮ ও ৩ বছরের দুটি মেয়ে রয়েছে।