মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা
নওগাঁর রাণীনগরে নিজের মাদকাসক্ত ছেলেকে পুলিশে ধরিয়ে দিয়েছেন এক নারী।
সোমবার উপজেলার লক্ষ্মীকোলা গ্রামে এ ঘটনা ঘটে বলে রাণীনগর থানার ওসি আব্দুল লতিফ খান জানান।
গ্রেপ্তার স্বপন সরদার (৩৫) ওই গ্রামের আব্দুল আজিজ সরদারের ছেলে।
এ সময় পুলিশ স্বপনের কাছ থেকে ১০৩ পুড়িয়া হেরোইন উদ্ধার করে।
ওসি বলেন, মাদকাসক্ত স্বপনের অত্যাচারে অতিষ্ট হয়ে তার মা মরিয়ম বিবি (৫৬) ঘরে আটকে রেখে পুলিশ খবর দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে আটক করে আনে।
এ ঘটনায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে বলে জানান ওসি।
