গাজীপুরে সিএনজি পাম্প কর্মীকে গুলি
গাজীপুরের কালিয়াকৈরে টাকা ছিনতাই করতে না পেরে একটি সিএনজি পাম্পের অফিস সহকারীকে গুলি করেছে সন্ত্রাসীরা।
রোববার উপজেলার মৌচাক এলাকায় এ ঘটনা ঘটে বলে কালিয়াকৈর থানার এসআই ফাইজুর রহমান জানান।
আহত আশরাফুল আলম (৫৪) সিরাজগঞ্জের কাজীপুর থানার নাটোয়াপাড়া এলাকার ইজ্জত আলীর ছেলে। তিনি মৌচাকের নর্থ-বেঙ্গল সিএনজি ফিলিং স্টেশনের অফিস সহকারী।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এসআই বলেন, সকাল ১০টার দিকে আশরাফুল অফিস থেকে ১৮ লাখ টাকা নিয়ে ব্যাংকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। গাড়িতে ওঠার সময় পাম্পের পূর্ব পাশে ওৎ পেতে থাকা চার দুর্বৃত্ত তাকে ধরে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
“এ সময় টাকার ব্যাগ ছিনিয়ে নিতে ব্যর্থ হয়ে তারা আশরাফুলের পায়ে দুটি গুলি করে মোটরসাইকেলে করে পালিয়ে যায়।”
পরে স্থানীয়রা ও পাম্পের অন্যান্যরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
খবর পেয়ে মৌচাক ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে এক রাউন্ড গুলির খোসা উদ্ধার করে বলে জানান তিনি।
প্রত্যক্ষদর্শী চা দোকানি আক্কেল আলী বলেন, সকাল ৯টার দিকে দোকান খোলার পর পরই দুটি মোটরসাইকেলে করে চার ব্যক্তি দোকানে বসে চা খায়। ঘটনার পর ওই চারজন মোটরসাইকেলে করে সফিপুরের দিকে চলে যায়।
এ ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি, তবে তদন্ত শুরু হয়েছে বলে এসআই ফাইজুর জানান।
