ফেনী পৌরসভার ‘ভাগাড়’ মহিপাল
ফেনী-মাইজদী সড়ক ময়লা-আবর্জনার দুর্গন্ধে চরম দুর্ভোগ পোহাচ্ছেন ফেনী পৌরসভার ওই এলাকার বাসিন্দা ও পথচারীরা। স্থানটি যেন পৌরসভার ভাগাড়ে পরিণত হয়েছে।
মহিপাল সংলগ্ন জিরো পয়েন্টের নোয়াখালী বাসস্ট্যান্ড থেকে আনসার ক্যাম্প পর্যন্ত সরজমিনে ঘুরে দুর্ভোগের এ চিত্র দেখা গেছে।
স্থানীয় রতনপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. শামীম বলেন, সড়কের ওপর ময়লার স্তূপ ও টয়লেটের দুর্গন্ধযুক্ত পানি জমে থাকায় চলাচলকারীদের চলাচলে সীমাহীন ভোগান্তিতে পড়তে হয়।
সরজমিনে দেখা গেছে, স্থানীয় ফল ব্যবসায়ীরা সড়কটির অনেকাংশ জুড়ে পচা ফল ও স্থানীয়রা গৃহস্থালি বর্জ্য এনে স্তূপ করে রেখেছে। এছাড়া পাবলিক টয়লেটের ময়লাও এখানে জমা হয়। দীর্ঘদিন ধরে সড়কের ওপর ও পাশে এগুলো পড়ে থাকায় দুর্গন্ধে ভরে উঠেছে আশপাশ এলাকা।
ফেনী চেম্বার অব কমার্সের পরিচালক আবুল কাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই সড়কের পাশে থাকা পাবলিক টয়লেটটি সরিয়ে নেওয়া সবচেয়ে জরুরি।
ময়লা ফেলার জন্য পর্যাপ্ত ডাস্টবিন ও সড়কের পাশে নালা নির্মাণ করা হলে অবস্থার উন্নতি হবে বলে তিনি মনে করেন।
পৌরসভার স্বাস্থ্য পরিদর্শক কৃষ্ণময় বনিক বলেন, ফেনী শহরে প্রতিদিন প্রায় ৮০ টন ময়লা-আবর্জনা জমে। এর মধ্যে পরিচ্ছন্নতাকর্মীরা দুই শিফটে কাজ করে সর্বোচ্চ ৪০ টন ময়লা অপসারণ করে।
স্যানিটারি কনজারভেন্সি পরিদর্শক মো. শাহজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দৈনিক যে পরিমাণ ময়লা জমে তা সরানোর জন্য প্রয়োজনীয় পরিচ্ছন্নতাকর্মী নেই।
সমস্যা-সমাধানে লোকবল বাড়ানোর জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানান।
