২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্দেহকারীরাই জঙ্গিবাদ ও সন্ত্রাসের পক্ষে: বাণিজ্যমন্ত্রী

কল্যাণপুরের অভিযানে নিহতদের জঙ্গি পরিচয় নিয়ে যারা সন্দেহ প্রকাশ করে, তারাই জঙ্গিবাদ ও সন্ত্রাসের পক্ষে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2016, 11:14 PM

Updated : 12 Apr 2022, 02:33 AM

শনিবার নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় বিকেএমইএ কমপ্লেক্সের ভিত্তপ্রস্তর স্থাপন ও নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

“আমাদের অর্জন আর সফলতায় আন্তর্জাতিক বিশ্বে ভবিষ্যতবাণী করছে ১১টি দেশ অর্থনৈতিকভাবে উন্নতি লাভ করবে। বাংলাদেশ তার অন্যতম।

“কিন্তু আমাদের এই অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার জন্যই বাংলাদেশে তথাকথিত জঙ্গি ও সন্ত্রাসী কার্যকলাপ চালাবার চেষ্টা করা হচ্ছে।”

বাণিজ্য মন্ত্রী বলেন, যারা ২০১৩ সালে জঙ্গি তৎপরতা চালিয়ে ব্যবসা বাণিজ্যের ক্ষতি করেছে, ২০১৪ সালে নির্বাচনে অংশ না নিয়ে আইন প্রয়োগকারী সংস্থার ২৪ জন সদস্যকে হত্যা করেছে এবং ২০১৫ সালে ৯৩ দিন আগুন সন্ত্রাস করেছে তারাই আজকে এসব কার্যকলাপ করে অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।

তবে এরা কোনোদিন সফল হবে না বলে মন্তব্য করেন তিনি। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত দক্ষতার সঙ্গে গুলশানের হলি আর্টিজান বেকারির বন্দিদের উদ্ধার এবং কল্যাণপুরের জঙ্গি প্রস্তুতি মোকাবেলা করে এবং সস্ত্রাসীদের নিশ্চিহ্ন করে ইতিহাসে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন, বলেন তোফায়েল।

বিকেএমইএ সভাপতি সংসদ সদস্য সেলিম ওসমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতউল্লাহ আল মামুন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্য শামীম ওসমান, লিয়াকত হোসেন খোকা, নারী সংসদ সদস্য হোসনে আরা বাবলি, এফবিসিসিআইএ সভাপতি আবদুল মখদুম আহমেদ, উইমেন চেম্বার অব কমার্সের সভাপতি সোলনা আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ নিট শিল্পের মৃত ৮০ শ্রমিকের পরিবারের সদস্যদের হাতে দুই লাখ টাকা করে বীমার চেক তুলে দেন।

এর আগে মন্ত্রী শহরের চাঁদমারী এলাকায় চেম্বার অব কমার্স ভবন পরিদর্শন করে নিট শিল্পের বিভিন্ন কোর্সের প্রশিক্ষণ উদ্বোধন করেন।

জঙ্গি আস্তানার খোঁজে সোমবার মধ্যরাতের পর রাজধানীর কল্যাণপুর গার্লস হাই স্কুলের পাশের ‘জাহাজ বিল্ডিং’ হিসেবে পরিচিত ‘তাজ মঞ্জিল’ নামের ৬ তলা ভবন ঘেরাও করে অভিযান শুরু হলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দিকে বোমা ও গুলি ছোড়া হয়, তারাও পাল্টা গুলি ছোড়ে।

সকাল ৭টার আগে সোয়াট বাহিনীর নেতৃত্বে পরিচালিত ‘অপারেশন স্টর্ম-২৬’ নামে এক ঘণ্টার মূল অভিযান শেষে ভবনটিতে নয় জনের লাশ পাওয়ার কথা জানায় পুলিশ।

এই অভিযানের সময় গোলাগুলিতে নিহতরা জঙ্গি কি না তা নিয়ে সংশয় প্রকাশ করেন বিএনপি নেতা আসম হান্নান শাহ।

মঙ্গলবার দুপুরে ঢাকার পুরানা পল্টনে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে ২০ দলীয় জোটের অন্যতম শরিক ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ-ভাসানী) ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভায় তিনি বলেন, “পুলিশ অভিযান চালিয়ে নয় জঙ্গিকে নিহত করেছেন কল্যাণপুরে। এই সম্পর্কে বলতে চাই, সন্দেহ আছে।”

এছাড়া গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে শুক্রবার এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও সংশয় প্রকাশ করেন।

তিনি বলেন, “গুলশানের হলি আর্টিজান রেস্তোরায় আইনপ্রয়োগকারী সংস্থা নিয়ে তো কোনো প্রশ্ন উঠেনি। কল্যাণপুরের ঘটনা নিয়ে সংশয়ের সৃষ্টি হয়েছে কেন?”

কল্যাণপুরের আগে গত ১ জুলাই রাতে রাজধানীর গুলশানের হলিআর্টিজান বেকারিতে জঙ্গিরা দেশি-বিদেশি ২০ নাগরিক ও দুই পুলিশ কর্মকর্তাকে হত্যা করে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে নিহত হয় ছয় জন।    

পুরনো খবর:

গুলশান অভিযান নিয়ে প্রশ্ন নেই, কল্যাণপুর নিয়ে সংশয় রিজভীর
কল্যাণপুরে অভিযানে নিহতরা জঙ্গি কি না সন্দেহ: হান্নান