নোয়াখালীতে নির্বাচন পরবর্তী সহিংসতা, যুবকের মৃত্যু
নোয়াখালীতে ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত হওয়ার ১২ দিন পর এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান আবদুল আজিজ রিমেল (২৩)। তিনি সদর উপজেলার চর মটুয়া ইউনিয়নের ব্রহ্মপুর গ্রামের আফসার উদ্দিনের ছেলে।
সুধারাম থানার ওসি আনোয়ার হোসেন জানান, গত ৪ জুন অনুষ্ঠিত দাদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ী চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেলু ও বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমানে শিপনের মধ্যে বিরোধ দেখা দেয়। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটে।
“এর জেরে গত ১৮ জুলাই রাতে দুপক্ষের লোকজন খলিফারহাট বাজার ও গৌরিপুরে চেয়ারম্যান দেলোয়ার হোসেনের বাড়ির সামনে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে।”
ওসি বলেন, ওইদিন রাত ৮টার দিকে রিমেল ও তার বাবা আফসার জেলা শহর মাইজদী থেকে বাড়ি ফেরার সময় গুলিবিদ্ধ হন। তাদেরকে প্রথমে জেলা শহরের একটি বেসরকারি হাসপাতালে, পরে সেখান থেকে নোয়াখালী জেনারেল হাসপাতাল এবং সর্বশেষ ঢাকা মেডিকলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
“চিকিৎসায় আফসার উদ্দিন অনেকটা সুস্থ হয়ে উঠলেও হাসপাতালের আইসিইউতে থাকা রিমলেকে শনিবার সকাল সাড়ে ৯টায় মৃত ঘোষণা করেন চিকিৎসক।”
এ ঘটনায় আহতদেরকে থানায় অভিযোগ দায়ের করতে বলা হলেও তারা তা করেননি। এখন লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি।
