আশুলিয়ায় বাস খাদে, চালকের সহকারী নিহত
ঢাকার অদূরে সাভারের আশুলিয়ায় একটি মিনিবাস সড়কের পাশে খাদে পড়ে একজন নিহত হয়েছেন।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মরাগাং এলাকায় শুক্রবার সকালের এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে আশুলিয়া থানার এসআই শহিদুল ইসলাম মোল্লা জানিয়েছেন।
নিহত জাহিদ হাসান (২০) ওই মিনিবাসের চালকের সহকারী ছিলেন। তিনি আশুলিয়ার ইটাখোলা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
এসআই শহিদুল বিডিনিউজ টোযেন্টিফোর ডটকমকে বলেন, খেয়া পরিবহনের ওই মিনিবাস আব্দুল্লাহপুর থেকে বাইপাইল যাওয়ার পথে বেলা ১১টার দিকে চালক নিয়ন্ত্রণ হারালে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই জাহিদের মৃত্যু হয়।
দুর্ঘটনার পরপর স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
