২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় কথিত বন্দুকযুদ্ধে ‘চরমপন্থী’ নিহত

পাবনার ঈশ্বরদী উপজেলায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ‘চরমপন্থীর’ মৃত্যু হয়েছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2016, 08:50 AM

Updated : 20 Aug 2022, 01:19 PM

শুক্রবার ভোরে উপজেলার ছলিমপুর ইউনিয়নের বক্তারপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান র‌্যাব-১২-এর পাবনা ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল ইসলাম।

নিহত জহুরুল ইসলাম সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার পঙ্খরোয়া গ্রামের বরাত আলী মণ্ডলের ছেলে।

র‌্যাব কর্মকর্তা আকরামুল বলছেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল বক্তারপুর গ্রামে অভিযানে গেলে অজ্ঞাতপরিচয় সন্ত্রাসীরা র‌্যাবের দিকে গুলি ছোড়ে।

“র‌্যাব আত্মরক্ষার্থে পাল্টা গুলি করলে দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। পরে সন্ত্রাসীরা পালিয়ে গেলে ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় একজনের মৃতদেহ পাওয়া যায়।”

এ সময় সেখানে একটি পিস্তল ও তিনটি চাপাতি পাওয়া যায় বলে তিনি জানান।

পরে লাশ শনাক্ত করে র‌্যাব কর্মকর্তা বলেন, নিহত জহুরুল চরমপন্থী সর্বহারা বাহিনীর সক্রিয় সদস্য ও সিরাজগঞ্জের ডাকাত দল জহুরুল বাহিনীর প্রধান।

জহুরুলের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া ও আতাইকুলা থানায় এবং পাবনা জেলার ঈশ্বরদীসহ বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি ও অস্ত্রসহ ৯টি মামলা রয়েছে বলে জানান র‌্যাব কর্মকর্তা।

মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।