বগুড়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩
বগুড়ার শেরপুরে বাস ও ট্রাকের সংঘর্ষে সেনা সদস্যসহ তিনজন নিহত হয়েছেন; আহত হয়েছেন অন্তত আটজন।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গাড়ীদহ বাসস্ট্যান্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে শেরপুর থানার ওসি খান মোহাম্মদ ইরফান জানান।
নিহত বগুড়া শহরের সিদ্দিকুর রহমান ও সেনা সদস্য মোরশেদুল আলম ছাড়া অন্যদের পরিচয় পাওয়া যায়নি।
আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি বলেন, বগুড়া থেকে সিলেটের যাওয়া পথে গাড়ীদহ বাসস্ট্যান্ডের সামনে মামুন পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন নিহত ও আর দশজন আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
রাত ১০টার দিকে জিয়াউর রহমান মেডিকেলে আহত আরও দুই জনের মৃত্যু হয় বলে ছিলিমপুর পুলিশ ফাঁড়ি টিএসআই শাহ আলম জানান।
