নোয়াখালীতে ‘সন্ত্রাসীদের’ গোলাগুলিতে নিহত ১
নোয়াখালীর বেগমগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ‘সন্ত্রাসীদের’গোলাগুলিতে একজন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও দুইজন।
বুধবার বিকাল ৪টার দিকে উপজেলার হাজীপুরে এ ঘটনা ঘটে বলে অতিরিক্ত পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম জানান।
নিহত নিহত মাসুদ (২৫) হাজীপুর গ্রামের তাজুল ইসলামের ছেলে।
আহত সোহেল (২২) ও আলোকে স্থানীয়রা নোয়াখালী সদর হাসপাতালে নিয়ে যায়। তবে প্রাথমিক চিকিৎসা নিয়ে আলো পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে স্থানীয় ‘সন্ত্রাসী’ সম্রাট ও সুমনের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে বুধবার তাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে।
“এ সময় ওই তিনজন গুলিবিদ্ধ হলে তাদের নোয়াখালী সদর হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে মাসুদের মৃত্যু হয়।”
আহত আলো পালিয়ে গেছেন, আর সোহেলকে পুলিশ পাহারায় সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
