নীলফামারীতে নারী শ্রমিককে গলা কেটে হত্যা
নীলফামারী সদরে একটি কারখানার নারী শ্রমিককে গলা কেটে হত্যা করা হয়েছে।
সোমবার উপজেলার বাউকতাপাড়ার একটি ধানক্ষেতে শুক্লা রানী সেনের (১৯) লাশ পাওয়া যায়।
নিহত শুকলা উত্তরা ইপিজেডের চশমা প্রস্তুতকারী প্রতিষ্ঠান মাজেন বিডি লিমিটেডের শ্রমিক এবং পঞ্চগড়ের বোদা উপজেলার বাকপুর সেনপাড়া গ্রামের জগেশ চন্দ্র রায়ের মেয়ে।
বাউকতাপাড়ার একটি বাড়িতে ছোট বোন নিপা রানী সেনকে নিয়ে ভাড়া থাকতেন তিনি।
নীলফামারী সদর থানার এসআই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে শুকলার গলা কাটা লাশ ধান ক্ষেতে পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় জানায়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতালের মর্গে পাঠায়।
শুকলার ছোট বোন নিপা সেন বলেন, প্রতিদিনের মতো রোববার সকালে কর্মস্থালের যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন শুকলা। কিন্তু রাতে বাড়ি ফেরেননি।
“সকালে আশপাশের লোকজনের মুখে শুনতে পেয়ে বাড়ির অদূরে একটি ধান ক্ষেতে গিয়ে তার গলাকাটা লাশ দেখতে পাই।”
কারা কী কারণে তাকে হত্যা করেছে সে বিষয়ে কিছু বলতে পারেননি তিনি।
শুক্লার সহকর্মীরা জানান, রোববার সারাদিন শুক্লা কারখানায় ছিলেন। ছুটির পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাড়ির উদ্দেশে রওনা হন তিনি।
নীলফামারী থানার ওসি শাহজাহান পাশা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রোববার রাতের কোনো এক সময় গলা কেটে হত্যার পর ধান ক্ষেতে লাশ ফেলে যাওয়া হয়েছে।
এ ঘটনায় তদন্ত চলছে বলে জানান তিনি।
