সিরাজগঞ্জে বন্যা, যমুনা বিপদসীমার ওপরে
উজানের ঢলে ও ভারী বর্ষণে সিরাজগঞ্জের অন্তত ৯২টি গ্রাম প্লাবিত করেছে। যমুনার পানি বেড়ে বিপদসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ওয়ালি উদ্দিন বলছেন, সোমবার দুপুর পর্যন্ত সিরাজগঞ্জ সদরসহ কাজিপুর, চৌহালী, বেলকুচি ও শাহজাদপুরের অন্তত ২৬টি ইউনিয়নের ৯২টি গ্রাম প্লাবিত হয়েছে।
“এর মধ্যে ৩ হাজার পরিবারের ১৪ হাজার মানুষ দুর্ভোগে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ৬৬২টি বসতবাড়ি।”
বন্যার্তদের জন্য ৬৬২টি আশ্রয়কেন্দ্র খোলার পাশাপাশি ৬৫ মেট্রিকটন চাল ও ৩ লাখ টাকা বিতরণ করা হয়েছে বলে তিনি জানান।
জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সৈয়দ হাসান ইমাম জানান, সোমবার সকাল থেকে যমুনা নদীর পানি বিপদসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়ে নিম্নাঞ্চল প্লাবিত করছে।
“এছাড়া পশ্চিম তীরে ঘূর্ণাবর্তের পরিমাণ বাড়ছে। এতে সিরাজগঞ্জ সদর ও চৌহালী উপজেলায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বেশ কিছু অংশ ঝুঁকির মধ্যে পড়েছে।”
পানির চাপ আরও বাড়লে বাঁধ ভেঙে আরও এলাকায় প্লাবন দেখা দিতে পারে বলে তিনি জানান।
